অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র বাতাস আর রেকর্ড তাপমাত্রার কারণে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটলেও এবার সবচেয়ে ভয়ংকর রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।দাবানলে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে তাসমানিয়া প্রদেশের কর্মকর্তারা জানান, তাঁরা নিখোঁজ প্রায় ১০০ জন মানুষের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রাদেশিক রাজধানী হোবার্টের পূর্বাঞ্চলীয় ছোট শহর ডুনাল্লির এসব বাসিন্দা সেখানে আগুন লাগার পর থেকে নিখোঁজ। শহরের প্রায় ৯০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। গতকাল মঙ্গলবার পুলিশ কর্মকর্তারা জানান, ওই সব ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরে প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে কোনো মরদেহ পাওয়া যায়নি।নিউ সাউথ ওয়েলসের ১৩০টির বেশি স্থানে আগুন জ্বলছে। ইতিমধ্যে ৪০টি স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের ইলাওয়ারা, শোলহেভেন, সাউদার্ন রেঞ্জার্স ও রিভেরিনা—এই চারটি অঞ্চল ‘বিপর্যয়কর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কর্মকর্তারা জানান, দাবানল ছড়িয়ে পড়লে এই চারটি অঞ্চলের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং দ্রুত ছড়িয়ে পড়বে। তাঁরা স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী গিলার্ড গতকাল বলেন, ‘এটা খুবই বিপজ্জনক দিন।’আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৩ সালের প্রথম ছয় দিন ইতিমধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত ২০ দিনের তালিকায় জায়গা করে নিয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম টানা পাঁচ দিন জাতীয় গড় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। বিবিসি।