অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে
অস্ট্রেলিয়ার দমকল কর্মীরা অব্যাহতভাবে শতাধিক দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দাবানলে অনেক বাড়িঘর ও হাজার হাজার হেক্টর জমির ফসল ধ্বংস হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সরকারি কর্মকর্তারা জানান, যা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে তাপমাত্রা কম। কিন্তু ঝোড়ো বাতাসের কারণে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাসমানিয়ার আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। আবহাওয়া কমিশন (ক্লাইমেট কমিশন) জানায়, বৈশ্বিক উষ্ণতার কারণে তাপপ্রবাহ ও অগ্নিকাণ্ডের ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া পরিবর্তনের কারণে ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং দিনে উষ্ণতার পরিমাণও বাড়ছে। আর এ কারণে দাবানলের ঘটনাও বাড়ছে।চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়াজুড়ে গড় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের তথ্যঅনুযায়ী ২০১৩ সালের প্রথম ছয় দিন দেশটির ইতিহাসে সবচেয়েউত্তপ্ত ২০ দিনের তালিকায় স্থান করে নিয়েছে। বিবিসি