অস্ট্রেলিয়ায় দাবানলে ৫৯ বাড়ি ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম শহর পার্থে দাবানলে ৫৯টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। গত রোববার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থের পার্শ্ববর্তী এলাকায় তিনটি বড় ধরনের দাবানলের সৃষ্টি হয়। অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিস অথরিটি (এফইএসএ) জানায়, দাবানলে ৫৯টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এফইএসএ আরও জানায়, দাবানলের তাপে ক্যানিং নদীর ওপর একটি সেতুর একাংশ ধসে পড়েছে। ফলে অন্তত তিন সপ্তাহের জন্য সেতুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এফইএসএর প্রধান ক্রেইগ হাইনস জানান, দাবানলের কারণে কারও মারাত্মক আহত হওয়া কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দাবানল এখনও নিয়ন্ত্রণে না আসায় তিনি সতর্ক করে দিয়েছেন। এ ছাড়া দাবানলের সৃষ্টি হওয়া পার্থের দুটি এলাকাতেই ঘন গাছপালা রয়েছে। কাজেই নিরাপত্তার কারণে লোকজনদের সেখানে ফিরে যেতে দেওয়া যাচ্ছে না।এদিকে টানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসনের জন্য জনগণের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনার কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের জনপ্রিয়তায় মারাত্মক ধস নেমেছে। গতকাল সোমবার নতুন একটি জনমত জরিপের ফলাফলে বলা হয়, এই মুহূর্তে নির্বাচন হলে গিলার্ড পরাজিত হবেন। এএফপি।