অস্ট্রেলিয়ায় নতুন মন্ত্রিসভা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য কিছু রদবদল করে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল সোমবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। তবে ট্রেজারার, অর্থ ও সম্পদবিষয়ক মন্ত্রীর পদ অপরিবর্তিত রাখা হয়েছে।এদিকে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাডকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী গিলার্ড বলেছেন, তাঁর লেবার পার্টি যদি আগামী নির্বাচনে জয়ী হয় তবে কেভিন রাডকে মন্ত্রী বানানো হবে।পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ তাঁর দায়িত্বের পাশাপাশি বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। নতুন উপপ্রধানমন্ত্রী ওয়েন সোয়ান আগের মতো ট্রেজারার মন্ত্রী এবং মার্টিন ফার্গুসন সম্পদবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এই দুজন খনিজ সম্পদের ওপর প্রস্তাবিত ৪০ শতাংশ কর নিয়ে খনি মালিক ও শ্রমিকদের সঙ্গে দরকষাকষি অব্যাহত রাখবেন।বাণিজ্যমন্ত্রী লিন্ডসে ট্যানার আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সাবেক বাণিজ্যমন্ত্রী সিমন ক্রিনকে জুলিয়া গিলার্ডের দায়িত্বে থাকা শিক্ষা, কর্মসংস্থান, কর্মস্থল সম্পর্ক, সামাজিক অন্তর্ভুক্তি-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।জুলিয়া গিলার্ড গত ২৪ জুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি সাংবাদিকদের বলেন, ‘স্থিতিশীলতার বিষয়কে মাথায় রেখে নতুন মন্ত্রণালয়গুলো সাজানো হয়েছে। সরকার যদি আবার পুনর্নির্বাচিত হয় তবে আমি খুব খুশি হয়ে কেভিন রাডকে মন্ত্রিসভায় জ্যেষ্ঠ পদে আমন্ত্রণ জানাব।’অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী গিলার্ড জুলাইয়ের পর যেকোনো সময়ে নির্বাচন ডাকতে পারেন। আগস্টের মাঝামাঝি সময় থেকে এ বছর পর্যন্ত যেকোনো সময়ে নির্বাচন হতে পারে। জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী পদে গিলার্ডের আরোহণ ক্ষমতাসীন লেবার পার্টির অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং নির্বাচনে আবার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।জুলিয়া গিলার্ড বলেন, ‘নির্বাচনের দিন কী হতে পারে, এ নিয়ে আমি কোনো অনুমান করছি না। তবে এটা খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে।’ বিবিসি, রয়টার্স।