অস্ট্রেলিয়ায় নেতৃত্বের লড়াইয়ে টিকে গেলেন জুলিয়া গিলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন দল লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে জয়ী হয়ে ক্ষমতায় টিকে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। এই জয়ের মধ্য দিয়ে ‘রাজনৈতিক নাটকের’ অবসান হয়েছে বলে গতকাল সোমবার ঘোষণা দেন গিলার্ড।গিলার্ডের প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড ৩১-৭১ ভোটের ব্যবধানে পরাজিত হন। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ওই নির্বাচনে লেবার পার্টির ১০৩ জন এমপির মধ্যে ১০২ জন ভোট দেন। একজন অনুপস্থিত ছিলেন।অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, নেতৃত্বের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। এখন তিনি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে পুরোপুরি মন দেবেন।লেবার পার্টির নেতা নির্বাচনে দলটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হলেন গিলার্ড। এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছিল তিক্ত বিরোধ ও বিদ্বেষপূর্ণ প্রচারণা। কেভিন রাডের সঙ্গে বিরোধের জের ধরে গিলার্ড এই নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন।২০১০ সালে লেবার পার্টির অভ্যন্তরে ব্যাপক বিশৃঙ্খলা চলাকালে কেভিন রাডকে সরিয়ে নেতৃত্বে আসেন জুলিয়া। ২০০৭ সালে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসা লেবার পার্টির প্রধানমন্ত্রী হন কেভিন রাড। কিন্তু নীতিনির্ধারণের ক্ষেত্রে একাধিক ভুলের কারণে তিনি দলের আস্থা হারান। তখন দলীয় প্রধানের পদে আসেন জুলিয়া গিলার্ড। ২০১০ সালে গিলার্ডের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন রাড।গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তিনি নাটকীয়ভাবে পদত্যাগ করে দলীয় প্রধান পদে প্রধানমন্ত্রী গিলার্ডকে চ্যালেঞ্জ করেন। রাড ঘোষণা দেন, একমাত্র তিনিই পারেন ২০১৩ সালে লেবার পার্টিকে অনিবার্য ধ্বংস থেকে রক্ষা করতে। পর্যবেক্ষকদের ধারণা, গিলার্ডকে এখনো ক্ষমা করতে পারেননি রাড।নেতৃত্বের লড়াইয়ে গিলার্ডের জয় সত্ত্বেও বর্তমান সংকট কাটিয়ে ওঠা লেবার পার্টির জন্য কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এএফপি।