অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে গতকাল শনিবার ভোট নেওয়া হয়েছে। এই নির্বাচনে ক্ষমতাসীন জোটের সামান্য ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। তবে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হওয়ার ইঙ্গিতও মিলছে।
নির্বাচনে দেড় কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন। গতকাল রাত পর্যন্ত প্রায় অর্ধেক ভোট গণনা হয়ে গেছে। এতে বড় দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য বলছে, প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের জোট ৩ দশমিক ২ শতাংশ ভোট হারাতে চলেছে। আজ রোববার সকাল থেকে আবারও ভোট গণনা শুরু হবে।
কর্তৃপক্ষ ধারণা করছে, ক্ষমতাসীন জোট ৬৮টি আসনে জয় পেতে পারে। বিরোধী দল লেবার পার্টি পেতে পারে ৭০ আসন। ইনডিপেনডেন্ট আর গ্রিনস পার্টি পেতে পারে ৫ আসন। পার্লামেন্টের ১৫০ আসনের নিম্নকক্ষে বাকি ৭ আসনেই হয়তো জয়-পরাজয় নির্ধারিত হবে।
প্রধানমন্ত্রী টার্নবুল অবশ্য ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। গতকাল সিডনিতে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এমনটাই বলেছেন তিনি।
গতকালের ভোট সামনে রেখে আট সপ্তাহ ধরে ব্যস্ত প্রচারণা চালান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও বিরোধী দলের নেতা বিল শর্টেন।
সম্প্রতি গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী টার্নবুলের জন্য সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।