অস্ট্রেলিয়ায় প্রবল বর্ষণে বন্যা, সরানো হয়েছে শত শত লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের ৩০০ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যায় বিপুল পরিমাণ শস্যের উৎপাদন হুমকির মুখে পড়েছে। কুইন্সল্যান্ড রাজ্যের সরকার বন্যাকবলিত এলাকাকে দুর্যোগপূর্ণ অঞ্চল বলে ঘোষণা করেছে। ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় টাসার প্রভাবে এই বন্যা দেখা দিয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে প্রায় ১৫০ বছরের মধ্যে চলতি ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত শনিবার ঘূর্ণিঝড় টাসা কুইন্সল্যান্ডে আঘাত হানে। এর প্রভাবেও ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়। কুইন্সল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ব্রুস ও’গার্ডে এবিসি টেলিভিশনকে জানান, থিওডর এলাকায় ডসন নদীর পানি আগের সর্বোচ্চ রেকর্ড ভেঙে অন্তত ৫০ সেন্টিমিটার বেশি উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।বন্যায় ওয়ারা শহরের কাছে চিনচিল্লা ও ডালবাই এলাকা সম্পূর্ণ ডুবে গেছে। আলফা ও জেরিকো শহরসহ ওই অঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে কুইন্সল্যান্ড রাজ্য সরকার। স্থানীয় কর্মকর্তারা জানান, কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। তবে পানি নেমে যাওয়ার সময় অনেক এলাকার বন্যা-পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বন্যাকবলিত এলাকা থেকে গতকাল ৩৫০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এ কাজে সামরিক বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়। এ পর্যন্ত এক হাজার পানিবন্দী বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।ওয়েস্টার্ন ডাউনসের মেয়র রে ব্রাউন বলেন, ‘বন্যার পানি এখনো বাড়ছে। পরিস্থিতি কোন্ দিকে যাচ্ছে, তা বলা যাচ্ছে না।কৃষকদের পক্ষে তদবিরকারী গোষ্ঠী অ্যাগফোর্সের প্রেসিডেন্ট ব্রেন্ট ফিনলে বলেন, বন্যায় ৪০ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ শস্যের ক্ষতি হয়েছে। কৃষকদের জন্য এটা ভয়াবহ ক্ষতি। এএফপি, বিবিসি।