অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে গতকাল শনিবার বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত শুক্রবার নিখোঁজ এক নারীর খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বন্যার পানিতে রাজ্য দুটিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। টানা বর্ষণের কারণে উদ্ধার-তৎপরতা ব্যাহত হচ্ছে।ওয়ারেগো নদীর পানি বাড়তে থাকায় কুইন্সল্যান্ড রাজ্যের চার্লভিল শহর কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে। শহর রক্ষা বাঁধটি ধসে পড়ার উপক্রম হয়েছে। মেয়র মার্ক ও’ব্রিয়েন দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা এবিসিকে জানান, ঝুঁকির মুখে থাকা শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মূল শহরে এখনো বন্যার পানি ঢোকেনি। শুক্রবার রোমা শহরে বন্যার পানির তোড়ে ভেসে যাওয়া এক নারীর খোঁজ পুলিশ গতকাল পর্যন্ত পায়নি। নিউ সাউথ ওয়েলসের জরুরি ত্রাণ-সহায়তাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় রাজ্যের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এএফপি।