অস্ট্রেলিয়ায় বন্যার অবনতি মৃতের সংখ্যা বেড়ে দুই
অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল সোমবারও বন্যাদুর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের সমৃদ্ধ কৃষি এলাকা থেকে শতাধিক অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। দেশটিতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে পূর্বাঞ্চলের কুইন্সল্যান্ড, নিউসাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের নদীগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব এলাকার সেতু ও রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। জরুরি পরিস্থিতিবিষয়ক কর্মকর্তারা জানান, তাঁরা নিউসাউথ ওয়েলস রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিপ্রধান রিভেরিনা অঞ্চল নিয়ে উদ্বিগ্ন। সেখানকার মুরুমবিডগে নদীর দুই কূল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। রাজ্যটির জরুরি সংস্থার মুখপাত্র জেমস এমসিতাভিস জানান, পরিস্থিতি এখনো বিপজ্জনক। এক হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পুরো নিউসাউথ ওয়েলস থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, আজ মঙ্গলবারের মধ্যে পানির উচ্চতা ১০ দশমিক ৬ মিটার পর্যন্ত বাড়তে পারে। গত সপ্তায় এখানকার এরালুয়েন এলাকায় বন্যার পানিতে গাড়ি চালাতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে কুইন্সল্যান্ডের গ্লেনউড শহরে গতকাল গাড়ি চালাতে গিয়ে পানির তোড়ে ভেসে গিয়ে মারা গেছে আরও এক ব্যক্তি। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে। এএফপি।