অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার পরিকল্পনা নস্যাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দিয়ে বিমান ভূপাতিত করার একটি ‘সন্ত্রাসী পরিকল্পনা’ নস্যাৎ করেছে অস্ট্রেলিয়া। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার বলেছে, এ ঘটনায় সিডনিজুড়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির কিছু সরঞ্জাম। ঘটনার পর দেশটির গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল বলেন, সন্ত্রাসী পরিকল্পনাটি কোনো একক ব্যক্তির নয়, বরং সুপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। ওই হামলা পরিকল্পনা নস্যাৎ করতে নিরাপত্তা বাহিনীর রাতভর উদ্যোগের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বলেন, আরও অনেক কিছু করার এখনো বাকি রয়েছে।

ওই হামলা পরিকল্পনাটি অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক ফ্লাইটকে লক্ষ্য করে করা হয়েছিল, তা জানাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিডনির ডেইলি টেলিগ্রাফ জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল অস্ট্রেলিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার এনড্রিউ কলভিন বলেন, সম্প্রতি আইন প্রয়োগকারী বাহিনীর হাতে তথ্য আসে যে সিডনির কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। নস্যাৎ করা সন্ত্রাসী হামলাটির সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোগসাজশ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হামলা পরিকল্পনাটি ‘ইসলামি ধ্যানধারণা দিয়ে অনুপ্রাণিত’। যদিও এর পেছনে কে বা কারা রয়েছে, তা তদন্তসাপেক্ষেই বলা যাবে। পুলিশ কমিশনার জানান, সিডনিতে সিরিজ অভিযানে চারজন গ্রেপ্তার হয়েছেন।

অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর অংশ হিসেবে যাত্রীদের যথাক্রমে দুই ও তিন ঘণ্টা আগে আসা এবং ব্যাগপত্র তুলনামূলক কম আনতে অনুরোধ করা হয়েছে।

২০১৪ সালে সিডনির এক ক্যাফেতে দুজন জিম্মির মৃত্যুসহ সাম্প্রতিক বছরগুলোয় অস্ট্রেলিয়ায় কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।