অস্ট্রেলিয়ায় শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যা

অস্ট্রেলিয়ায় এক বাড়ি থেকে শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার পুলিশ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
এএফপির খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহরের এই ঘটনা এলাকাবাসীকে হতবিহ্বল করে দিয়েছে। পরিবারটি ছিল কিছুটা জনবিচ্ছিন্ন। পরিবারের সদস্যরা নিরীহ।
পুলিশ জানায়, ওই পাঁচজনকে হত্যা করা হয়েছে। উদ্ধার করা মৃতদেহের মধ্যে তিনটি মেয়েশিশু, তাদের মা ও নানি রয়েছেন। তিন শিশুর মধ্যে এক শিশুর বয়স সাড়ে তিন বছর। অপর দুটি শিশু যমজ। দুই বছর বয়স। গতকাল রোববার সকালে ২০ বছর বয়সী এক তরুণ স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে জানানোর পর পুলিশ ঘটনাটি জানতে পারে।
তবে কীভাবে, কখন হত্যা করা হয়েছে বা হত্যার কারণ কী, ওই তরুণের সঙ্গে পরিবারটির সম্পর্ক কী, তা জানায়নি পুলিশ। ওই তরুণ পুলিশের হেফাজতে রয়েছেন। হত্যার ব্যাপারে এখনো কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।
এবিসির বরাত দিয়ে এএফপি জানায়, ওই বাড়ির অস্বাভাবিক নীরবতা এক প্রতিবেশীর নজরে পড়ে। সপ্তাহজুড়ে বাড়িটির কাউকে দেখা যায়নি বা কারও কথা শোনা যায়নি। বাড়িটির শিশুদেরও বাড়ির পেছনের উঠানে খেলতে দেখা যায়নি।
এ ধরনের হত্যার ঘটনা অস্ট্রেলিয়ায় বিরল হলেও গত কয়েক মাসে এমন তিনটি ঘটনা ঘটে।
এর আগে জুলাই মাসে এক ব্যক্তি তাঁর মা ও দুই ভাইবোনকে হত্যা করেন। মে মাসে আরেক ব্যক্তি গুলি করে তাঁর স্ত্রী, মেয়ে ও চার নাতি-নাতনিকে হত্যার পর আত্মহত্যা করেন।