অস্ট্রেলিয়ায় সরকার গঠন বিষয়ে ফয়সালা আজ
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ায় সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত তিন এমপি প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড না কি বিরোধী নেতা টনি অ্যাবোটকে সমর্থন দেবেন, সে বিষয়ে আজ সকালেই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে ওই তিন এমপির একজন নিশ্চিত করেছেন। গতকাল সোমবার তাঁরা গিলার্ড ও অ্যাবোটের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।অস্ট্রেলিয়ার সর্বশেষ নির্বাচনের ফলাফল অনুযায়ী গিলার্ডের উদারপন্থী লেবার পার্টি পেয়েছে ৭২টি আসন। তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া গ্রিন পার্টি পেয়েছে একটি আসন। এ ছাড়া অ্যান্ড্রু উইলকি নামের একজন স্বতন্ত্র এমপি গিলার্ডকে সমর্থন করেছেন। সব মিলিয়ে গিলার্ডের হাতে রয়েছে ৭৪ আসন। অন্য দিকে অ্যাবোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৩ আসন। ১৫০ আসনবিশিষ্ট পার্লামেন্টে সরকার গঠনের জন্য দরকার ৭৬ আসন। এ অবস্থায় স্বতন্ত্র তিন প্রার্থীর কমপক্ষে দুজন গিলার্ডকে সমর্থন করলে তিনি সরকার গঠন করতে পারবেন। অন্য দিকে অ্যাবোটকে সরকার গঠন করতে হলে বাকি তিন স্বতন্ত্র এমপির সবার সমর্থন দরকার। গতকাল এ বিষয়ে তিন কিংমেকার এমপি টনি উইন্ডসর, রোব ওয়াকেশট এবং বব কাটার আলাদাভাবে গিলার্ড ও অ্যাবোটের সঙ্গে শেষবারের মতো বৈঠক করেছেন।বৈঠক শেষে এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে টনি উইন্ডসর বলেছেন, তাঁর বিশ্বাস আজ মঙ্গলবার সকালেই কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। তিনি ও ওয়াকেশট বলেছেন, পুনরায় যাতে নির্বাচন করতে না হয় সেজন্য তাঁরা তিনজনই যেকোনো এক পক্ষকে সমর্থন দেবেন। গতকাল অস্ট্রেলিয়ার বেশির ভাগ পত্রপত্রিকা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করে বলেছে, প্রধানমন্ত্রী গিলার্ডকেই ওই তিন এমপি সমর্থন করবেন বলে মনে হচ্ছে। এএফপি ও আল জাজিরা অনলাইন।