সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে অস্ট্রেলিয়ায় ১৮ বছরের এক তরুণকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেলবোর্নে গত বছরের মা দিবস পালনের অনুষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তখন তার বয়স ছিল ১৭ বছর।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫ সালের ১০ মে মা দিবসের অনুষ্ঠানে হামলা চালানোর উদ্দেশ্যে ছেলেটি পাইপ ও প্রেশারকুকার দিয়ে বোমা বানাচ্ছিল। তখন তাকে আটক করে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। তার ব্যক্তিগত কম্পিউটার থেকে রান্নাঘরের উপকরণ দিয়ে বোমা বানানোর কৌশল নিয়ে কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
তরুণটির সাজা পাঁচ বছর তিন মাস পর্যন্ত মওকুফ করা হতে পারে বলে জানা গেছে।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ বলেছে, গত দুই বছরে কমপক্ষে ১১টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এর কয়েকটির পরিকল্পনায় ওই তরুণের সম্পৃক্ততা ছিল।