অস্ট্রেলিয়ায় হুমকি দিয়ে বার্তা পাঠানো বৃদ্ধের কারাদণ্ড
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হুমকি দিয়ে বার্তা ও বুলেট কিংবা বিস্ফোরকের মতো উপাদান পাঠানোর দায়ে জন গর্ডন (৮১) নামের এক বৃদ্ধকে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। আদালতের শুনানিতে জানানো হয়, তিন বছরের বেশি সময় ধরে গর্ডন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, সাবেক নেতা কেভিন রুড, বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোটের মতো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে হুমকি দিয়ে চিঠি, বুলেট বা বিস্ফোরক পাঠিয়ে আসছেন। শুনানিতে আরও বলা হয়, ২০০৭ থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত সময়ে গর্ডন ডাক বিভাগের মাধ্যমে বিস্ফোরক ভরা ছয়টি প্যাকেট ও হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বেশ কয়েকটি বার্তা পাঠান। অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যাবোটের কাছে পাঠানো একটি বার্তার ফরেনসিক প্রমাণাদির ভিত্তিতে গর্ডনকে গ্রেপ্তার করা হয়। বিবিসি।