অস্ট্রেলিয়ায় ৪ হাজার বছর আগে বসতি গেড়েছিল ভারতীয়রা!
এত দিন মনে করা হতো, প্রায় ৪০ হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় মানুষের বসবাস শুরু হয়। প্রাকৃতিক কারণে পরে সাগরবেষ্টিত হয়ে পড়ে এই মহাদেশ। এরপর ১৮ শতকে সেখানে ইউরোপীয়রা না আসা পর্যন্ত বাকি দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না মহাদেশটির। সুদীর্ঘকাল বিচ্ছিন্ন ছিল অস্ট্রেলিয়া।জার্মানির একদল গবেষক পুরোনো এই ধারণাকে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ভারতবর্ষ থেকে মানুষ অস্ট্রেলিয়ায় বসতি গড়ে তুলেছিল। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়ায় বর্তমানে ডিঙ্গো নামে যে নেকড়েসদৃশ কুকুর দেখা যায়, তাদের পূর্বপুরুষেরা এসেছিল ওই ভারতীয়দের সঙ্গে। ভারতীয় সেসব অভিবাসীর সঙ্গে অস্ট্রেলিয়ার আদিবাসীদের মিলন ঘটে। অস্ট্রেলিয়ার বর্তমান আদিবাসীরা তাদেরই সংকর প্রজন্ম।গবেষণাটি করেছেন জার্মানির লেইপজিগ শহরে অবস্থিত ম্যাক্স প্লানক ইনস্টিটিউট ফর ইভল্যুশনারি অ্যানথ্রোপলজিতে কর্মরত নৃবিজ্ঞানীরা। ইন দ্য প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স-এ প্রকাশিত তাঁদের গবেষণা নিবন্ধে বলা হয়েছে, বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় আদিম জাতির উৎস খুঁজে বের করতে গবেষণা চালান। এই লক্ষ্যে তাঁরা অস্ট্রেলিয়ার প্রাচীন জীবজন্তু ও উদ্ভিদের ডিএনএ পরীক্ষা চালান। এর মাধ্যমে এসব উদ্ভিদ ও জীবজন্তুর জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে নিউ গিনি, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের প্রাচীন মানুষের জিনগত বৈশিষ্ট্যের সাদৃশ্য-বৈসাদৃশ্য মিলিয়ে দেখা হয়। এই জিনগত বৈশিষ্ট্য মিলিয়ে দেখতে গিয়েই অস্ট্রেলিয়ায় ভারতীয়দের আগমনের বিষয়টি ধরা পড়ে। গবেষকেরা দাবি করেছেন, এই পরীক্ষায় তাঁদের কাছে মনে হয়েছে প্রায় চার হাজার ২৩০ বছর আগে অর্থাৎ ১৪১ প্রজন্ম আগে ভারত থেকে অস্ট্রেলিয়ায় জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। বিবিসি।