অস্ট্রেলিয়ায় ৭ শতাংশ যাজকের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথলিক যাজকদের হাতে শিশুদের যৌন নিপীড়নের ঘটনা অস্ট্রেলিয়ায় নতুন নয়। তবে এই বিষয়টি অস্ট্রেলিয়ায় কত যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা বের হয়ে এসেছে এক তদন্তে।

তদন্ত সংস্থা রয়্যাল কমিশনের করা এক তদন্তে দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৭ শতাংশ ক্যাথলিক যাজক শিশুদের যৌন নিপীড়ন করেছেন। রয়্যাল কমিশন স্কুল, বাচ্চাদের খেলার জায়গা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে তাদের তদন্তকাজ চালায়। কমিশন ১৯৫০ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে। তদন্তে দেখা যায়, ১৯৮০ থেকে ২০১৫-এই ৩৫ বছরে ক্যাথলিক চার্চে প্রায় সাড়ে চার হাজার শিশু নির্যাতনের শিকার হয়েছে।

আজ সোমবার বিবিসির প্রতিবেদনে রয়্যাল কমিশনের আইনজীবী গেইল ফার্নেস বলেন, নির্যাতনের কাহিনিগুলো হতাশাজনকভাবে একই রকম।

গেইল বলেন, প্রায় প্রতিটি ক্ষেত্রে শিশুদের বক্তব্য উপেক্ষা করা হয়েছে। তার চেয়েও খারাপ যে বিষয়টি ঘটেছে তা হলো, কোনো কোনো ক্ষেত্রে শিশুদের শাস্তিও দেওয়া হয়েছে। তাদের অভিযোগ কখনো ক্ষতিয়ে দেখা হয়নি। অনেক সময় যাজকেরা স্থানান্তরিত হয়েছেন। নতুন জায়গায় তাঁদের বিষয়ে কোনো খোঁজ নেওয়া হয়নি।

৩৫ বছরে অস্ট্রেলিয়াজুড়ে ৪ হাজার ৪৪৪টি শিশু প্রায় ১ হাজার ক্যাথলিক প্রতিষ্ঠানের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার হয়েছে বলেও জানান ফার্নেস। নির্যাতিত এসব ছেলে ও মেয়ে শিশুদের গড় বয়স সাড়ে ১০ থেকে সাড়ে ১১ বছর।

২০১৩ সাল থেকে এই তদন্তকাজ চালিয়ে যাচ্ছে রয়্যাল কমিশন। তারা বলছে, নির্যাতনের ঘটনাগুলো বেশি হয় নামীদামি প্রতিষ্ঠানে। যেসব অভিযোগ এখন পর্যন্ত পাওয়া গেছে, সেগুলো খতিয়ে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে।

অস্ট্রেলিয়ার ট্রুথ জাস্টিস অ্যান্ড হিলিং কমিটির প্রধান নির্বাহী ফ্যান্সিস স্যালিভান বলেন, এই পরিসংখ্যানই তুলে ধরেছে শিশুদের নিরাপত্তা দিতে ক্যাথলিক চার্চগুলোর ভয়াবহ ব্যর্থতা। এই সংখ্যা দুঃখজনক, বেদনাদায়ক। এটা সমর্থনের অযোগ্য। ক্যাথলিক হিসেবে আমাদের মাথা নিচু হয়ে গেছে।

আগামী কয়েক দিনের মধ্যে জ্যেষ্ঠ ক্যাথলিক যাজকদের সাক্ষ্য নেবে রয়্যাল কমিশন। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এই বছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে।