অস্ট্রেলীয় জঙ্গিদের নাগরিকত্ব বাতিল করা হতে পারে
অস্ট্রেলিয়ার যেসব নাগরিক দেশের বাইরে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষে কাজ করছে, তারা সরকারের একটি নতুন আইনের আওতায় নাগরিকত্ব হারাতে পারে। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স, এএফপি ও বিবিসির।
ইরাক ও সিরিয়ায় জঙ্গি তৎপরতায় জড়িত অস্ট্রেলীয় ব্যক্তিদের দ্বৈত নাগরিকত্ব বাতিল করার জন্য দেশটির সরকার শিগগিরই একটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় অবস্থান করে যারা সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে, তাদেরও ওই আইনের আওতায় আনা হবে। গতকাল রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অ্যাবোট এ কথা জানিয়ে বলেন, জুন মাসেই এ-সংক্রান্ত বিলটি পার্লামেন্টে উঠবে। সন্ত্রাস মোকাবিলার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যাবোট বলেন, মধ্যপ্রাচ্যে অন্তত ১০০ জন অস্ট্রেলীয় নাগরিক সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে লড়াই করছে। তাদের প্রায় অর্ধেকের দুই দেশের নাগরিকত্ব রয়েছে।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী ১৫০ ব্যক্তি ওই জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা করছে বলে অস্ট্রেলীয় জাতীয় গোয়েন্দা সংস্থা (এএসআইও) জানিয়েছে। অ্যাবোট বলেন, তারা জাতীয় নিরাপত্তার জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। নাগরিকত্ব বাতিলের কারণে কেউ যাতে দেশহীন না হয়, সেটা অবশ্যই নিশ্চিত করা হবে। আর কারও নাগরিকত্ব বাতিল হলে তা নিয়ে বিচার বিভাগীয় পর্যালোচনার সুযোগ থাকবে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, সন্ত্রাসী তৎপরতায় জড়িত ব্যক্তিরা আদালতে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ভোগ করবে। আর অস্ট্রেলীয় নাগরিকত্ব বাতিল হলে তাদের বের করে দেওয়া হবে। তবে কোনো অপরাধে আদালতে অভিযুক্ত না হয়েও কেউ নাগরিকত্ব হারাতে পারে।
অস্ট্রেলিয়ার কিছুসংখ্যক নাগরিকের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে কাজ করার খবর প্রকাশিত হওয়ার পর ২০১৪ সালের মাঝামাঝি থেকে আইএস নিয়ে দেশটিতে উদ্বেগ বেড়ে যায়।