মাদক চোরাচালানিদের ব্যাপারে ইন্দোনেশিয়াকে তথ্য দিয়ে সহযোগিতা করার ব্যাপারে গতকাল সোমবার আত্মপক্ষ সমর্থন করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তবে তারা স্বদেশি দুই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। ইন্দোনেশিয়া মাদক পাচারের দায়ে সাতজন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে গত বুধবার। খবর এএফপি ও বিবিসির।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মাদক চোরাচালানে জড়িত একদল অপরাধীর গ্রেপ্তারের ব্যাপারে তথ্য দিয়ে ২০০৫ সালে সহায়তা করেছিল অস্ট্রেলিয়ার পুলিশ কর্তৃপক্ষ। যদিও সেই অপরাধীদের মৃত্যুদণ্ড হতে পারে বলে জানা ছিল তাঁদের। মাদক চোরাচালানি হিসেবে দোষী সাব্যস্ত দুই অস্ট্রেলীয় নাগরিক এন্ড্রু চ্যান ও মাইয়ুরান সুকুমারানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পুলিশের ওই ভূমিকার সমালোচনা করা হয়। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, ‘বালি নাইন’ নামে পরিচিত চোরাচালানিদের দলটি অস্ট্রেলিয়া ছেড়ে ইন্দোনেশিয়া যাওয়ার আগে তাদের গ্রেপ্তার করার উপায় ছিল না।