অস্ট্রেলীয় নারীর হিমালয়ের বড় ১৪টি শৃঙ্গ জয়!
অস্ট্রেলিয়ার নারী পর্বতারোহী গারলিন্ডে কালটেনব্রুনার মাউন্ট এভারেস্টসহ হিমালয় পর্বতমালার আট হাজার মিটারের চেয়ে বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গের সব কটি জয় করার গৌরব অর্জন করেছেন। গত মঙ্গলবার তাঁর ওয়েবসাইট থেকে এ কথা দাবি করা হয়।অস্ট্রেলীয় নারী হিসেবে তিনিই প্রথম এ কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্বে এ কৃতিত্বের অধিকারী তৃতীয় নারী তিনি; তবে কালটেনব্রুনারই অক্সিজেন ছাড়া হিমালয়ের সব কটি শৃঙ্গ জয় করা প্রথম নারী।পেশায় সেবিকা কালটেনব্রুনারের ওয়েবসাইটে তাঁর স্বামী ও সহযোগী আরোহী র্যালফ ডুজমোভিটস দাবি করেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১৮ মিনিটে গারলিন্ডে কে টু পর্বতের চূড়ায় পৌঁছান। তিনি বলেন, হিমালয়ে কমপক্ষে আট হাজার মিটারের (২৬ হাজার ফুট) যে ১৪টি শৃঙ্গ রয়েছে, এর মধ্যে শুধু কে টু জয় করাই বাকি ছিল তাঁর। কালটেনব্রুনারের কে টু জয় করার ঘটনাকে তিনি চাঁদে পৌঁছানোর মতো অসাধারণ ঘটনার সঙ্গে তুলনা করেছেন। কে টু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।ডুজমোভিটস জানান, এর আগে চীন ও পাকিস্তান সীমান্তের মধ্যবর্তী স্থানে অবস্থিত আট হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট) উঁচু কে টু পর্বত জয়ে ছয়বার চেষ্টা চালান কালটেনব্রুনার। প্রতিবারই চূড়ায় পৌঁছার আগে ফিরে আসেন তিনি।গত মঙ্গলবার কে টু জয়ে কালটেনব্রুনারের সহযাত্রী ছিলেন কাজাখ পর্বতারোহী মাকসুদ জুমায়েভ, ভ্যাসিলি পিভতসভ ও পোলিশ আরোহী দারেক জালুসকি। অভিযান শুরু করার পর থেকে কে টু জয়ে দুই মাসের বেশি সময় লাগে তাঁদের। এএফপি।