অস্ট্রেলীয়তরুণীর প্রেমে পড়েছিলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ বয়সে প্রেমে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর সেই সাবেক অস্ট্রেলীয় প্রেমিকার গোপন দিনলিপির অংশবিশেষ প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, তরুণ ওবামার প্রেম ছিল উষ্ণ ও বিশ্বস্ত। তবে তা ছিল সংযত এবং নির্লিপ্তও।ওবামার সাবেক এই প্রেমিকার নাম জেনিভিয়েভ কুক। তাঁদের এ প্রেম গড়ে ওঠে আশির দশকে। কুকের বাবা ছিলেন নিউইয়র্কে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। কুক ও ওবামা তখন নিউইয়র্কেই থাকতেন। তাঁদের প্রেমের এ গোপন অধ্যায়টি উঠে এসেছে ডেভিড ম্যারেনিসের লেখা বারাক ওবামা: দ্য স্টোরি নামের একটি নতুন বইয়ে। বইটি এখনো প্রকাশিত হয়নি। তবে ভ্যানিটি ফেয়ার সাময়িকী বইটির চুম্বক অংশ প্রকাশ করেছে। কুকের বরাত দিয়ে ম্যারেনিস লিখেছেন, ‘ওবামার সঙ্গে কুকের প্রথম দেখা হয় ১৯৮৩ সালে, নিউইয়র্কের ইস্ট ভিলেজে। তখন ওবামার বয়স ২০ বছরের একটু বেশি। রোববারের ছুটির দিনগুলোতে আলস্যে গা ভাসিয়ে দিতেন তিনি। কফি পান করতেন। নিউইয়র্ক টাইমস-এর শব্দজট খুলতেন।’ ভ্যানেটি ফেয়ার সাময়িকীতে প্রকাশিত কুকের দিনলিপির একটি অংশে উঠে এসেছে এই জুটির মধ্যে কীভাবে রোমান্স দানা বেঁধেছিল এবং পরে ক্রমে কীভাবে তা শীতল হয়ে পড়ে। দুজনের অভিসারের সেই দিনগুলো সম্পর্কে কুক লিখেছেন, ‘দৈহিক আকর্ষণের ব্যাপার তো ছিলই, তবে এর বাইরে অসামঞ্জস্য ও ঔদাসীন্যও ছিল। একপর্যায়ে আমি এ সম্পর্কথেকে বেরিয়ে আসার চেষ্টা করি।’জেনিভিয়েভ কুক লিখেছেন, ‘ওবামা মিষ্টি মিষ্টি কথা বলত। কথাগুলো ছিল খোলামেলা ও বিশ্বাস করার মতো। আবার তা কেমন যেন নিরুত্তাপও।’১৯৮৪ সালের কোনো একদিন কুক তাঁর দিনলিপিতে লেখেন, ‘বারাক এখনো আমাকে উদ্দীপ্ত করে। কিন্তু সে চলে গেছে অনেক দূরে, নাগালের বাইরে।’১৯৮৫ সালে ওবামা ও কুকের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। কুক পুরোনো দিনের সেসব স্মৃতি হাতড়ে লেখেন, ‘আমি যে ধরনের আবেগময় সম্পর্ক খুঁজে ফিরেছি, ওবামা ছিল তার বিপরীত।’ এএফপি।