অস্ত্র ইরাক ও লেবাননে সরিয়ে নেওয়া হচ্ছে?
সিরিয়ার সরকার দেশটির রাসায়নিক অস্ত্র ইরাক ও লেবাননে সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) প্রধান জেনারেল সালেম ইদরিস। বিদ্রোহীদের সামরিক শাখা এফএসএর প্রধান ইদরিস গত বৃহস্পতিবার সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে এই অভিযোগ করেন। মার্কিন অভিযানের চাপের মুখে রুশ মধ্যস্থতায় সিরিয়া রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে তুলে দিতে রাজি হয়েছে মর্মে খবর প্রচারিত হওয়ার পর ইদরিস এ দাবি করলেন।
সিএনএন নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ফ্রি সিরিয়ান আর্মির প্রধান ইদরিস বলেন, ‘আমরা তথ্য পেয়েছি বাশার সরকার রাসায়নিক অস্ত্র ইরাক ও লেবাননে সরিয়ে নিচ্ছে।’ এই অভিযোগের বিষয়ে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানান, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ইরাক বা লেবাননে সরিয়ে নেওয়ার মতো বিষয় তাঁদের নজরে আসেনি।
ইদরিসের অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির উপদেষ্টা আলী আল-মুসাভি। তিনি বলেন, ‘ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে আমরা রাসায়নিক অস্ত্রের শিকার হয়েছিলাম। কোনো দেশের এ ধরনের অস্ত্র আমাদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি কখনই দেওয়া হবে না।’
বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ঘটনা সত্যি হলে মার্কিন গোয়েন্দাদের নজর এড়িয়ে করা হয়েছে। কিন্তু সেটা বেশ কঠিন। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট বাশার তাঁর রাসায়নিক অস্ত্রের মজুত সরিয়ে নেননি। কারণ, তিনি ভালো করেই জানেন, ওই রাসায়নিক অস্ত্রের ভান্ডারে বোমা হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। এসব রাসায়নিক অস্ত্র সুরক্ষিত জায়গায় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সরকারকে এগুলো সরিয়ে নিতে হলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে সরিয়ে নিতে হবে, যা বেশ কঠিন। সিএনএন।