প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম চুক্তিটি গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। ১৫৪টি সদস্যরাষ্ট্র এর পক্ষে ভোট দেয়। বিপক্ষে তিনটি ভোট পড়ে। রাশিয়া ও লাতিন আমেরিকার কয়েকটিসহ ২৩টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠের ভোটে চুক্তিটি সহজেই অনুমোদিত হবে বলে এর সমর্থকেরা প্রত্যাশা করছিলেন।বিশ্বব্যাপী বছরে সাত হাজার কোটি ডলারের অস্ত্র বাণিজ্য হয়ে থাকে। তবে তা নিয়ন্ত্রণে এত দিন পর্যন্ত কোনো চুক্তি ছিল না।ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়া খসড়া চুক্তিটির বিরোধিতা করার এক সপ্তাহের মধ্যে এ ভোটাভুটি হলো। গতকালও এ তিনটি দেশই চুক্তিটির বিপক্ষে ভোট দেয়।এ চুক্তির সমর্থনকারীদের দাবি, সংঘবদ্ধ অপরাধ ঠেকাতে এবং সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্রের জোগান বন্ধে এটির বিকল্প নেই। চুক্তিটি অনুমোদিত হওয়ায় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অস্ত্র রপ্তানি বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় ব্যবহূত হতে পারে, এমন গন্তব্যে অস্ত্র রপ্তানি করা যাবে না। অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণে নীতিগতভাবে মতৈক্যে পৌঁছাতে প্রায় এক দশক ধরে কাজ করছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা। গত বছরই এ ব্যাপারে একটা চূড়ান্ত সমঝোতায় পৌঁছার সম্ভাবনা জেগেছিল। কিন্তু প্রধান কয়েকটি অস্ত্র উত্পাদন ও রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে তা আটকে যায়। এরপর ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার বিরোধিতার কারণে গত সপ্তাহের একটি চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। ইরানের যুক্তি ছিল, খসড়া চুক্তিটি ‘প্রতারণাপূর্ণ ও ফাঁকফোকরে ভরা’। উত্তর কোরিয়ার দাবি, এটা ‘ভারসাম্যহীন’। আর সিরিয়ার সরকারের উদ্বেগ, এই চুক্তি হলে তারা হয়তো গৃহযুদ্ধ সামাল দিতে পারবে না। গত সপ্তাহে তেহরান, দামেস্ক ও পিয়ংইয়ংয়ের বিরোধিতার কারণে সমঝোতার মাধ্যমে চুক্তিটির অনুমোদন হওয়া আটকে গেলে এটি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে পাঠানো হয়। এরপর মুন তা ভোটাভুটির জন্য সাধারণ পরিষদে পাঠান। চুক্তিটি আইনে পরিণত হওয়ার জন্য অন্তত ৫০টি দেশের অনুসমর্থন লাগবে। ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়া ছাড়াও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির খসড়া নিয়ে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানের মতো কয়েকটি দেশের উদ্বেগ ছিল। বিবিসি, রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।