অস্ত্র নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান এনআরএর
যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ না করে প্রতিটি বিদ্যালয়ে পুলিশ মোতায়েনের পরামর্শ দিয়েছে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন (আরএনএ)। তাদের এই পরামর্শে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণবিরোধী প্রধান শক্তিশালী সংগঠন আরএনএর ভাইস প্রেসিডেন্ট ওয়াইন লাপিয়ের গত শুক্রবার এ পরামর্শ দেন। ১৪ ডিসেম্বর কানেটিকাটে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে হত্যাযজ্ঞের পর আরএনএর এটাই প্রথম আনুষ্ঠানিক মন্তব্য।ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এনআরএর নেতা ওয়াইন লাপিয়ের বলেন, সচেতন মার্কিন নাগরিকদের তাদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র রাখার অধিকার দিতে হবে। মানসিক রোগীদের একটি জাতীয়ভিত্তিক তালিকা প্রস্তুতের তাগিদ দেন তিনি। লাপিয়ের বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে সশস্ত্র পুলিশ মোতায়েনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছি আমি।’ আরএনএর এই মন্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানান নিউজার্সির সিনেটর ফ্রাঙ্ক লুটেনবার্গ। তিনি বলেন, ‘আরএনএর নেতারা আমাদের বিদ্যালয়গুলো আরও ভারী অস্ত্রে ভরিয়ে তুলতে চান। এ কারণেই তাঁরা এমন মন্তব্য করতে পেরেছেন।’অ্যাডাম ল্যানজা নামের এক তরুণ ১৪ ডিসেম্বর স্যান্ডি হুক স্কুলে ঢুকে শিশুসহ ২৬ জনকে গুলি করে হত্যা করেন। পরে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। বিবিসি, এএফপি।