অস্ত্র প্রতিযোগিতা বড় অপচয়: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় পাকিস্তান ও ভারত ‘বিপুল সম্পদের’ অপচয় করেছে বলে শুক্রবার মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠকের দুই দিন আগে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নওয়াজ শরিফ বলেন, ‘অস্ত্র প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের এ দুই দেশ বিপুল সম্পদ নষ্ট করেছে। এই সম্পদ আমরা আমাদের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগাতে পারতাম।’
তিন দশক ধরে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতা চলছে।
মনমোহনের সঙ্গে যুক্তরাষ্ট্রে আজ রোববার অনুষ্ঠেয় বৈঠকে দুই দেশের সম্পর্কে ‘নতুন যাত্রা শুরু’ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নওয়াজ। বিরোধপূর্ণ কাশ্মীরে গত সপ্তাহে নতুন করে সংঘাতের ঘটনা ঘটলেও জাতিসংঘে বিশ্বনেতাদের বার্ষিক অধিবেশনের ফাঁকে এ বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। যদিও শুক্রবার মনমোহন সিং এ থেকে বেশি কিছু আশা না করতে বলায় কিছুটা নৈরাশ্য সৃষ্টি হয়েছে। নওয়াজ শরিফ গত মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর দুই নেতার মধ্যে এটিই হবে প্রথম বৈঠক।
অধিবেশনের ভাষণে নওয়াজ বলেন, ‘পাকিস্তান ও ভারত মিলেমিশে সমৃদ্ধির দিকে এগোতে পারে এবং আমাদের মধ্যে সহযোগিতায় পুরো অঞ্চলই লাভবান হবে...আমরা ভারতের সঙ্গে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ সংলাপে বসতে প্রস্তুত। দুই দেশের সম্পর্ক নতুন করে সূচনা করতে সুযোগের অপেক্ষায় আছে। ডন।