অস্ত্র-বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তিতে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র: কেরি
বিশ্বব্যাপী অস্ত্র-বাণিজ্য নিয়ন্ত্রণের বিষয়ে জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক চুক্তির প্রতি সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নাগরিকদের অস্ত্র মালিকানার অধিকারের বিষয়ে কোনো নিয়ন্ত্রণ আরোপ মেনে নেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত শুক্রবার এসব কথা জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে আগামী ১৮ থেকে ২৮ মার্চ এই আন্তর্জাতিক চুক্তির ওপর চূড়ান্ত আলোচনা হতে যাচ্ছে। এটাই হবে বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণের বিষয়ে প্রথম আন্তর্জাতিক চুক্তি।অস্ত্র নিয়ন্ত্রণের প্রবক্তারা বলছেন, বিশ্বে প্রতি মিনিটে অন্তত একজন সশস্ত্র সহিংসতায় মারা যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশ্বের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে অস্ত্রের অবাধ প্রবাহ ঠেকাতে এখনই একটি চুক্তিতে পৌঁছানো জরুরি হয়ে পড়েছে।জন কেরি শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ও কার্যকর অস্ত্র বাণিজ্য চুক্তির লক্ষ্য অর্জনে তার প্রতিশ্রুতির ব্যাপারে অবিচল রয়েছে। এই চুক্তি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর আন্তর্জাতিক অস্ত্র-বাণিজ্যের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সহায়তা করবে।’ রয়টার্স।