পরপর কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রাশিয়া প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে ছুড়েছে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র বিক্রি করা বাবদ ইরানের কাছ থেকে রাশিয়া যে অগ্রিম অর্থ নিয়েছিল, তারা তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অবরোধ আরোপের মুখে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া বলেছে, তারা তেহরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য যে চুক্তি করেছিল, তারা তা বাতিল করেছে। ইরান বলেছে, একতরফাভাবে চুক্তি লঙ্ঘন করায় রাশিয়ার বিরুদ্ধে তারা আন্তর্জাতিক আদালতে মামলা করবে।গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উত্তর রাশিয়ার উত্তর ইউরোপীয় অংশে শ্বেতসাগর থেকে বুলাভা নামের ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। প্রায় ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপসাগরের কুরা এলাকায় গিয়ে পড়ে। বিবৃতিতে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী সেটি সফলভাবে কুরা এলাকায় পড়ে। গত ডিসেম্বরে রাশিয়া ১২ বার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে সে সময় তারা সফল হতে পারেনি।রাশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি বিভাগের প্রধান সেরগেই চেমেজোভ বলেছেন, ক্ষেপণাস্ত্র সরবরাহ বাবদ ইরানের কাছ থেকে নেওয়া সব অর্থ তারা ফেরত দেবেন। এতে ইরান অখুশি হলেও আপাতত তাদের কিছু করার নেই। তিনি বলেন, এ বছরের মধ্যে ইরানের সব অর্থ ফেরত দেওয়া সম্ভব নাও হতে পারে। তবে ক্ষেপণাস্ত্র কেনার জন্য তেহরান মস্কোকে ঠিক কী পরিমাণ অর্থ আগাম দিয়েছে, তা তিনি বলেননি।ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্রসহ ভারী অস্ত্র সরবরাহের চুক্তি থেকে বেরিয়ে এসেছে। বিশ্লেষকেরা বলেছেন, ইরানের হাতে উচ্চক্ষমতাসম্পন্ন এসব অস্ত্র চলে গেলে তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে শক্ত হয়ে পড়বে। বিষয়টি বিবেচনায় এনে তারা রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে প্রভাবিত করেছে। গত জুনে জাতিসংঘ চতুর্থ দফায় ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। ইরানের কাছে এস-৩০০ ও অন্যান্য সামরিক অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব গত মাসে এক নির্দেশ জারি করেন। ওই নির্দেশ অনুযায়ী রাশিয়া ইরানের কাছে ট্যাংক, যুদ্ধবিমান, হেলিকপ্টার, জাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিক্রি করতে পারবে না। নির্দেশে রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করে যেকোনো দেশের অস্ত্র ইরানে ঢোকাও নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার এ সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। এএফপি।