অস্ত্র রপ্তানিতে শীর্ষ পাঁচে উঠে এসেছে চীন
বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন যুক্তরাজ্যকে সরিয়ে এখন বিশ্বের পঞ্চম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ। স্নায়ুযুদ্ধের পর অস্ত্র রপ্তানির দিক দিয়ে চীন প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ এই স্থানে উঠে এল।গতকাল সোমবার সুইডেনভিত্তিক একটি থিংক ট্যাংক এই তথ্য জানায়। অস্ত্র রপ্তানির দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে রয়েছে রাশিয়া, জার্মানি ও ফ্রান্স।স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপি-আরআই) জানায়, আগের পাঁচ বছরের তুলনায় ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চীনের অস্ত্র রপ্তানি ১৬২ শতাংশ বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অস্ত্রের বাণিজ্য ২ থেকে ৫ শতাংশ বেড়েছে। ২০০৮ থেকে ২০১২—এই সময়ে অস্ত্র রপ্তানিকারক শীর্ষ পাঁচটি দেশের মধ্যে যুক্তরাজ্যের স্থান দখল করে নিয়েছে চীন।এসআইপিআরআই আর্মস ট্রান্সফারস প্রোগ্রামের পরিচালক পল হলটম এক বিবৃতিতে বলেন, অস্ত্রের চাহিদা রয়েছে এমন গ্রাহক দেশগুলোর কাছে চীন নিজেকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করছে। বিবৃতিতে আরও বলা হয়, ১৯৮৬ থেকে ১৯৯০ সালের স্নায়ুযুদ্ধের পর চীন প্রথমবারের মতো অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে উঠে এসেছে।এসআইপিআরআই জানায়, চীনের প্রায় ৫৫ শতাংশ অস্ত্র রপ্তানি হয় পাকিস্তানে। চীনের কাছ থেকে মিয়ানমার ৮ শতাংশ এবং বাংলাদেশ ৭ শতাংশ অস্ত্র কেনে। এ ছাড়া গত কয়েক বছরে আলজেরিয়া, ভেনেজুয়েলা ও মরক্কো চীনের তৈরি রণতরী, বিমান অথবা সাঁজোয়া যান কিনেছে। তবে বেইজিং কী পরিমাণ অস্ত্র বিক্রি করেছে, তার আনুষ্ঠানিক কোনো হিসাব দেয়নি।বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, চীনের তৈরি কিছু অস্ত্র এখন রাশিয়া বা পশ্চিমা বিশ্বের তৈরি অস্ত্রের সঙ্গে তুলনা করা যায়। এএফপি।