সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক সাক্ষাৎকারে বলেছেন, রাসায়নিক অস্ত্র হস্তান্তর করার চুক্তির ব্যাপারে তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার প্রতিশ্রুতি পালনের বিষয়টি নিশ্চিত করতে জাতিসংঘে পরাশক্তিগুলো একটি প্রস্তাব পাশের কাছাকাছি রয়েছে, এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন।
প্রেসিডেন্ট বাশারের সাক্ষাৎকারটি গত বুধবার ভেনেজুয়েলার টেলিভিশন চ্যানেল টেলিসুরে প্রচারিত হয়। সাক্ষাৎকারে বাশার বলেন, দামেস্ক রাসায়নিক অস্ত্র পরিত্যাগ করার যে পরিকল্পনায় সম্মত হয়েছে, তা বাস্তবায়নের পথে ‘কোনো প্রতিবন্ধকতা’ তিনি দেখছেন না।
টেলিসুর চ্যানেলকে বাশার বলেন, সিরিয়া যে রাসায়নিক অস্ত্র চুক্তিতে (সিডব্লিউসি) সই করেছে, তার প্রতি তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে। বাশার বলেন, ‘সিরিয়া যেসব চুক্তিতে সই করে, তার প্রতি সাধারণত প্রতিশ্রুতিবদ্ধ থাকে।’
বাশার বলেন, দামেস্ক এরই মধ্যে তার রাসায়নিক অস্ত্রভান্ডারের বিস্তারিত তথ্য রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণবিষয়ক সংস্থার (ওপিসিডব্লিউ) কাছে পাঠাতে শুরু করেছে। সংস্থাটি এসব তথ্য পর্যালোচনা করছে।
ওপিসিডব্লিউর পরিদর্শকেরা সিরিয়ায় পরিদর্শনে আসবেন বলে আশা করা হচ্ছে। বাশার বলেন, ‘(ওপিসিডব্লিউর) বিশেষজ্ঞরা এসব অস্ত্রের অবস্থা পর্যবেক্ষণ করতে আসন্ন দিনগুলোতে সিরিয়ায় আসবেন। সিরিয়ার সরকারের ক্ষেত্রে এখানে কোনো উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা নেই।’ তবে নির্দিষ্ট কিছু এলাকায় বিশেষজ্ঞদের যাওয়ার পথে ‘সন্ত্রাসীরা’ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সবাইকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে থাকে বাশারের সরকার।
দামেস্কের কাছের একটি এলাকায় গত ২১ আগস্ট সারিন গ্যাস হামলায় শত শত মানুষ প্রাণ হারায়। এ ঘটনার জন্য বাশারের সরকারকে দায়ী করে সিরীয় বিদ্রোহীদের সমর্থনকারী যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সিরিয়ার সরকারকে এ জন্য শাস্তি দিতে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক হামলার দিকে এগোচ্ছিল। বাশার সরকার মিত্র রাশিয়ার মধ্যস্থতায় রাসায়নিক অস্ত্র পরিত্যাগ করতে সম্মত হয়ে আপাতত সেই হামলা ঠেকিয়েছে। তবে রাসায়নিক হামলায় সম্পৃক্ততার অভিযোগ তারা অস্বীকার করেছে।
প্রেসিডেন্ট বাশার বলেছেন, পাশ্চাত্যের ‘আগ্রাসনের’ আশঙ্কা সব সময়ই রয়েছে। তিনি বলেন, ‘বর্তমান সময়ের অজুহাত হচ্ছে, রাসায়নিক অস্ত্র। এর পরে অন্য কোনো অজুহাত খোঁজা হবে।’
নিরাপত্তা পরিষদের প্রস্তাবে অগ্রগতি: সিরিয়া যাতে তার রাসায়নিক অস্ত্র পরিত্যাগ-সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন করে, তা নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ চলছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য এ-সংক্রান্ত একটি প্রস্তাবের ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে।
পশ্চিমা কিছু কূটনীতিক জানিয়েছেন, প্রস্তাবটির ব্যাপারে অগ্রগতি হয়েছে। একজন জানান, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হতে যাওয়া একটি প্রস্তাবের ‘প্রধান পয়েন্টগুলোর’ ব্যাপারে সমঝোতা হয়েছে। ওই কূটনীতিক আরও জানান, সিরিয়া যদি মার্কিন-রুশ পরিকল্পনাকে সম্মান জানাতে ব্যর্থ হয়, তবে জাতিসংঘ সনদের ৭ নম্বর অনুচ্ছেদের আওতায় দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে ওই প্রস্তাবে। অবশ্য রুশ কর্মকর্তারা এ ধরনের সম্ভাব্য কোনো অবরোধের বিষয়ে সমঝোতা হওয়ার খবর নাকচ করেছেন।
সিরিয়ায় অস্ত্র পরিদর্শকেরা: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আরও তদন্ত করতে জাতিসংঘের পরিদর্শকদের একটি দল দামেস্কে পৌঁছেছে। দামেস্কের কাছে ২১ আগস্ট সারিন গ্যাস হামলার প্রমাণ পাওয়ার পর দলটি এবার আরও ১৪টি স্থানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্ত করতে তথ্য-উপাত্ত ও নমুনা সংগ্রহ করবে।
‘রাশিয়া প্রস্তুত’: প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্রভান্ডার ও কারখানাগুলো যখন ধ্বংস করা হবে, তখন সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থানগুলোর নিরাপত্তা দিতে রাশিয়া প্রস্তুত। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাত দিয়ে গতকাল এ খবর দিয়েছে সংবাদ সংস্থাগুলো।
মানবিক সহায়তার প্রতিশ্রুতি: সিরিয়ার গৃহযুদ্ধে উদ্বাস্তু হওয়া কয়েক লাখ মানুষকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশ। যুক্তরাজ্য বুধবার ১ কোটি ৬০ লাখ ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আগের দিন যুক্তরাষ্ট্র ৩৪ কোটি ডলার অর্থ দেওয়ার ঘোষণা দেয়।
বিরোধীদের মধ্যে বিভাজন: সিরিয়ার ১৩টি গুরুত্বপূর্ণ ইসলামপন্থী সংগঠন বলেছে, তারা সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনসহ (এসএনসি) বিদেশভিত্তিক কোনো বিরোধী গ্রুপকে স্বীকৃতি দেবে না। এসএনসির সদর দপ্তর তুরস্কে অবস্থিত। সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) এবং আল-কায়েদার অনুসারী আল-নুসরা ফ্রন্ট এই ১৩টি গোষ্ঠীর মধ্যে রয়েছে। এএফপি ও রয়টার্স।