অস্ত্রবিরতি ভন্ডুল, সিরিয়ায় নিহত শতাধিক
সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলি, আলেপ্পো, ইদলিব ও অন্যান্য জায়গায় গত রোববার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১০০ জনের বেশি লোক নিহত হয়েছে। এতে ঈদ উপলক্ষে দুই পক্ষের মধ্যে গত বৃহস্পতিবার থেকে চলা চার দিনের সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ে। যুদ্ধবিরতির চুক্তি ব্যর্থ হওয়ার পর আগামী নভেম্বরে জাতিসংঘে ফিরে যাচ্ছেন লাখদার ব্রাহিমি। লাখদার ব্রাহিমি জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত। তাঁর দায়িত্ব ছিল বাশার আল-আসাদ সরকার ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করা।সরকারবিরোধী আন্দোলনকারীরা জানান, সিরিয়ার জঙ্গিবিমানগুলো দামেস্কের শহরতলিতে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে। দুই পক্ষের মধ্যে পুনরায় লড়াই শুরু হয়েছে। ওই দিন বিমান হামলা, সংঘর্ষ ও গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। তবে সিরিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা থাকায় সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি আল-জাজিরা। আলেপ্পোজুড়ে রোববার বিস্ফোরণ, মর্টার হামলা ও গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে হামলায় সাতজন শিশু, পাঁচজন নারীসহ ১৬ জন নিহত হয়েছে। সরকারবিরোধী প্রচারক ফাওয়াজ তেল্লো জানান, যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রথম দিন থেকেই আসাদ অনুগত বাহিনী বিমান হামলা চালায় ও কয়েক শ লোককে গ্রেপ্তার করে। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে যাওয়ার বিষয়ে লাখদার ব্রাহিমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গতকাল সোমবার তিনি রাশিয়াতে ছিলেন। এরপর এ বিষয়ে কথা বলতে তিনি চীনে যাবেন। আল-জাজিরা।