অস্ত্রবিরতিতে রাজি ইসরায়েল ও হামাস, মধ্যপ্রাচ্যে হিলারি
মিসরের মধ্যস্থতা এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও গাজার হামাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। সে হিসেবে গতকাল রাত থেকেই ইসরায়েলের বিমান হামলা বন্ধ করার কথা।মিসর সরকার ও হামাস কর্তৃপক্ষ অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এর আগে বিমান হামলা অব্যাহত থাকলেও গতকাল স্থল অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। গতকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬।গাজা-সংকট নিরসনে জাতিসংঘের পর কূটনৈতিক তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। গতকালই মধ্যপ্রাচ্যে ঝটিকা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।গতকাল মিসরের রাজধানী কায়রোয় জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজা-সংকট নিরসনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানান। আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আরও গুরুতর পরিস্থিতি এড়াতে এখনই পদক্ষেপ নিতে হবে। কেননা, স্থল অভিযান চালালে তার ট্র্যাজেডি হবে আরও ভয়াবহ। আমার সাফ কথা, সব পক্ষকে অবিলম্বে হামলা চালানো বন্ধ করতে হবে।’আরব লিগের প্রধান ছাড়াও মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। সেখান থেকে তিনি যাবেন ইসরায়েলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।নেতানিয়াহুর সঙ্গে আজ বুধবার বৈঠক করবেন হিলারি ক্লিনটন। পরে হিলারি রামাল্লা ও কায়রোতে যাবেন এবং যুদ্ধবিরতির বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে আরব লিগের প্রধান এবং ১০ জন মন্ত্রী গতকাল মিসর থেকে গাজায় গেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বেন হিলি জানান, তাঁদের এই সফরের মূল উদ্দেশ্য ফিলিস্তিনি জনগণের প্রতি আরব বিশ্বের সংহতি জানানো। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের শীর্ষ সদস্য ফোরাম অব নাইনের সঙ্গে জরুরি বৈঠকে স্থল অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওই বৈঠকে কূটনৈতিক তৎপরতা ও সামরিক অভিযান—দুটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। সেখানেই কূটনৈতিক প্রচেষ্টার সাফল্যের লক্ষ্যে সাময়িক স্থল অভিযান স্থগিতের সিদ্ধান্ত হয়। ইসরায়েলি একটি পত্রিকা দাবি করেছে, ইসরায়েলি সেনাবাহিনী ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য স্থল অভিযান স্থগিত করেছে। এর ফলে উভয় পক্ষ একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করার সুযোগ পাবে। এএফপি, বিবিসি ও রয়টার্স।