দক্ষিণ সুদানে অস্ত্রবিরতি নিয়ে দেশটির সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গতকাল শুক্রবার আলোচনায় বসেছেন।
সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিদল গত বুধবার আদ্দিস আবাবা পৌঁছায়। দুই পক্ষই একই হোটেলে ওঠে। উভয় পক্ষই মধ্যস্থতাকারী দলের সব সদস্যের উপস্থিতির জন্য অপেক্ষা করছিল।
গতকাল ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সমঝোতা আলোচনা শুরু হয়েছে।
প্রাথমিক পর্যায়ে দুই পক্ষের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় বসেন। গতকাল বিকেলে কিংবা আজ শনিবার তাঁদের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা। বিশ্লেষকেরা বলছেন, আলোচনায়
দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করা হবে। তবে কাজটি কঠিন হবে।
দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কিরের সমর্থকদের সঙ্গে বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থকদের লড়াই চলছে। আলোচনা শুরুর আগে মাচার লড়াই বন্ধে অসম্মতি জানান। কিরও বলেছেন,
বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ইচ্ছা তাঁর নেই।
গত মাসে শুরু হওয়া এ লড়াইয়ে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে। এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
এমনকি খাওয়ার পানিও পাচ্ছে না তারা।
জাতিসংঘের হুঁশিয়ারি: জাতিসংঘ গতকাল হুঁশিয়ার করে দিয়ে বলেছে, লড়াইরত দুই পক্ষকে বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের সুরক্ষা দিতে হবে।
জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয়কারী টবি লানজের বলেছেন, ‘বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের রক্ষার দায়দায়িত্ব লড়াইরত দুই পক্ষেরই। আমরা উভয় পক্ষের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা
করছি।’
মার্কিন ঘোষণা: দক্ষিণ সুদানে লড়াই অব্যাহত থাকায় দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের আরেক দফায় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা
হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় দক্ষিণ সুদানের রাজধানী জুবায় মার্কিন দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের ‘আরেক দফায় সরিয়ে আনার’ নির্দেশ দেওয়া হয়েছে। তবে দূতাবাসের কার্যক্রম
বন্ধ করা হচ্ছে না। মার্কিন রাষ্ট্রদূত সুসান পেজ বলেন, ‘আমরা সেখানে আমাদের উপস্থিতি হ্রাস করছি।’ এএফপি ও বিবিসি।