অস্ত্রবিরতির উদ্যোগ সত্ত্বেও ইসরায়েলি হামলা থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় অস্ত্রবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে তোয়াক্কা না করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্য নেতাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন। তাঁরা পরিস্থিতি শান্ত করার এবং ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত হয়—এমন টেকসই ফলাফল বের করে আনার উপায় নিয়ে আলোচনা করেন।এরপর হিলারি পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি কায়রো যাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। যুদ্ধবিরতির ঘোষণার ব্যাপারে হামাসের নেতারা আভাস দিলেও ইসরায়েল জানিয়েছে, এ রকম কোনো চুক্তি এখনো হয়নি। যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিতে ব্যর্থতার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন, মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে তাঁর বৈঠকের আগে যুদ্ধবিরতির ঘোষণা আসার সম্ভাবনা কম। তিনি বলেন, ইসরায়েলসহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। গাজার জনগণের অবস্থার উন্নতির জন্য ওই অঞ্চলে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে হবে। গাজায় হামলা ও হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল গাজা থেকে সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করার দাবি করেছে। গাজা থেকে গত এক সপ্তাহে অন্তত ৮০০ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েল অভিযোগ করেছে। গাজা শহরে হামাস নিয়ন্ত্রিত সরকারের মূল কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটার বার্তায় জানায়, তারা হামাসের গোয়েন্দা কার্যালয়ে হামলা করেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত মঙ্গলবার রাতে অন্তত ১০০টি ‘সন্ত্রাসী কেন্দ্রে’ হামলা করেছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাঁর দেশ কূটনৈতিক সমাধানই চেয়েছিল। কিন্তু তিনি ‘প্রয়োজনে যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত।ইসরায়েলের একজন কর্মকর্তা বলেন, নেতানিয়াহু ও তাঁর সরকারের কয়েকজন মন্ত্রী গত সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেন। চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগে সাফল্য আসে কি না, সেই সুযোগ নেওয়ার জন্য ওই বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকের আগে বান কি মুনের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হয়েছিল।মিসরের একজন সরকারি কর্মকর্তা গতকাল বলেন, এ মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হবে না। কারণ, ইসরায়েল এখনো অস্ত্রবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি। এদিকে আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি বলেন, যুদ্ধবিরতির বিষয়টি আসল সমস্যা নয়। গাজায় দখলদারির অবসান ঘটাতে আরব ও ইসলামি রাষ্ট্রগুলোর পাশাপাশি বন্ধুসুলভ সব দেশকেই এগিয়ে আসতে হবে। রয়টার্স, এএফপি ও বিবিসি।