অস্ত্রোপচারের জন্য ফের কিউবায় চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গত শনিবার মধ্যরাতে স্বীকার করেছেন, তাঁর দেহে ক্যানসার সংক্রমণকারী আরও কোষ ধরা পড়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, তাঁর ‘কিছু ঘটে গেলে’ ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তাঁর উত্তরাসূরি হবেন।এই ঘোষণার পরের দিনই (গতকাল রোববার) চিকিৎসার জন্য কিউবায় গেছেন চাভেজ। সেখানে আবারও তাঁর দেহে অস্ত্রোপচার করা হবে। এর আগে হাভানায় চিকিৎসা শেষে গত শুক্রবার তিনি দেশে ফেরেন।রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে চাভেজ বলেন, তাঁর দেহে আরও ক্ষতিকর কোষ ধরা পড়েছে। তাঁর জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় আগের মতো এবারও আমরা সংকট কাটিয়ে উঠতে পারব।’চাভেজ বলেন, যদি তাঁর স্বাস্থ্যের উন্নতি না হয় এবং নতুন নির্বাচন দেওয়া অপরিহার্য হয়ে পড়ে, তাহলে সেই নির্বাচনে সমর্থকেরা যেন মাদুরোকে ভোট দেন। ক্যানসার ধরা পড়ার পর থেকেই কিউবায় চিকিৎসা নিচ্ছেন চাভেজ। ২০১১ সালের জুলাই থেকে এ পর্যন্ত তিনবার সেখানে অস্ত্রোপচার করেছেন তিনি। গত মে মাসে নিজেকে ক্যানসারমুক্তও ঘোষণা করেন তিনি। বিবিসি