অস্ত্রোপচারের পর চাভেজের প্রথম ছবি প্রকাশ
ভেনেজুলেয়ার সরকার দেশটির অসুস্থ প্রেসিডেন্ট হুগো চাভেজের নতুন দফায় অস্ত্রোপচারের পর প্রথম ছবি প্রকাশ করেছে। ছবিতে তাঁকে দুই মেয়েকে পাশে বসিয়ে বিছানায় শুয়ে হাস্যোজ্জ্বল মুখে পত্রিকা পড়তে দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর চাভেজের সমর্থকেরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন।৪৮ বছর বয়সী চাভেজকে গত বছরের ১০ ডিসেম্বরের পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি বা তাঁর কথা শোনা যায়নি। ১০ ডিসেম্বর তিনি ক্যানসারের চিকিৎসা নিতে কিউবায় যান। সেখানে হাভানা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। ২০১১ সালের মাঝামাঝিতে চাভেজের ক্যানসার ধরা পড়ার পর এটা ছিল তাঁর চতুর্থ দফায় অস্ত্রোপচার।চাভেজের জামাতা ও ভেনেজুয়েলার বিজ্ঞানবিষয়ক মন্ত্রী জর্জ আরেয়াজা ছবিগুলো প্রকাশ করেছেন। টেলিভিশনে প্রচার করা ছবিগুলোতে দেখা যায়, চাভেজ কিউবার কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্রানমা পত্রিকার গত বৃহস্পতিবারের সংখ্যাটি পড়ছেন। সরকার বলেছে, ছবিগুলো বৃহস্পতিবার রাতে তোলা হয়েছে।তথ্যমন্ত্রী আর্নেস্তো ভেলিগাস জানান, চাভেজ একটি শ্বাসনালির মতো নলের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এই অবস্থায় কথা বলা তাঁর জন্য কঠিন। তবে তিনি বিভিন্ন বিষয়ে আদেশ লিখে দিচ্ছেন।চাভেজের প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে ভেনেজুয়েলার ভেতরে-বাইরে নানা ধরনের জল্পনাকল্পনা চলছিল। ছবিগুলো প্রকাশের পরপরই কারাকাসের রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন চাভেজ-সমর্থকেরা। তাঁদের একজন ডোরা সালসেডো বলেন, ‘তিনি বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন! ঈশ্বরকে এবং পুরো বিশ্বকে এ জন্য ধন্যবাদ।’ এএফপি ও বিবিসি।