ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী (৬৪) যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের প্রায় দুই মাস পর গতকাল রোববার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন। খবর এএফপির। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী নয়াদিল্লির রাজঘাটে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন দেশটির রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী নেতা সোনিয়া গান্ধী। তিনি মহাত্মা গান্ধীর স্মরণে নির্মিত মার্বেলের বেদিতে গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত ও মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা পাশাপাশি বসে বন্দনাসংগীত শোনেন। আগস্টের প্রথম সপ্তাহে অস্ত্রোপচার শেষে গত ৮ সেপ্টেম্বর ভারতে ফিরে আসেন সোনিয়া। সব কাজ বাদ দিয়ে এক সপ্তাহ পর তিনি আবার যুক্তরাষ্ট্রে যান। সোনিয়ার অনুপস্থিতিতে দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান মোকাবিলা করা নিয়ে সমালোচনার মুখে পড়েন মনমোহন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিকে শুভেচ্ছা জানান সোনিয়া। সেখানে প্রায় আধা ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাঁরা। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২ অক্টোবর ভারতজুড়ে গান্ধীজয়ন্তী এবং সারা বিশ্বে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়।