অস্ত্রোপচারের পর হুগো চাভেজ সুস্থ আছেন: ভেনেজুয়েলা
কিউবায় অস্ত্রোপচারের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ এখন সুস্থ আছেন। দেশটির সরকার গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় চাভেজের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার বর্ণনা করেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাউয়া। প্রেসিডেন্ট চাভেজ গত শুক্রবার হাভানায় পৌঁছানোর পর এই প্রথম তাঁর সম্পর্কে সরকারিভাবে জানানো হলো।এলিয়াস জাউয়া জানান, গত জুন মাসে কিউবার চিকিৎসকেরা প্রেসিডেন্ট চাভেজের শরীরের যে স্থান থেকে ক্যানসারের কোষযুক্ত টিউমার অপসারণ করেছেন, সেই স্থানে সৃষ্ট একটি ক্ষতে এবার অস্ত্রোপচার করা হয়। উপস্থিত আইনপ্রণেতাদের হর্ষধ্বনির মধ্যে এলিয়াস ঘোষণা করেন, প্রেসিডেন্ট চাভেজ এখন সুস্থ আছেন। তিনি নির্দেশ দিয়েছেন তাঁর চিকিৎসা-প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের জন্য। কারণ, তিনি চান তাঁর ব্যাপারে ভেনেজুয়েলার জনসাধারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সময়মতো সঠিক তথ্য জানানো হোক।৫৭ বছর বয়সী হুগো চাভেজের ক্যানসার সম্পর্কে গত বছর বিস্তারিত জানানো হয়নি। প্রাথমিক অস্ত্রোপচারের পর তাঁকে বেশ কয়েক দফায় কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর গত বছরের অক্টোবরে তিনি ক্যানসারমুক্ত হয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।ভাইস প্রেসিডেন্টের বিবৃতির আগে চাভেজের শারীরিক অবস্থা নিয়ে পাবলিকো ও এল পাইস নামক স্পেনের দুটি পত্রিকায় মার্কিন গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটফর-এর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে চাভেজের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়। স্ট্র্যাটফরের পাঠানো অসংখ্য ই-মেইল থেকে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস ওই প্রতিবেদন সংগ্রহ করে। টাইমস অব ইন্ডিয়া।