অস্থায়ী সীমানার ভিত্তিতে স্বীকৃতি দিতে পারে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, তাঁরা অস্থায়ী সীমানার ভিত্তিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছেন। তিনি বলেন, থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার স্বার্থে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে এ স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিতে পারেন। গত মঙ্গলবার ওয়ালস্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে বারাক এ কথা বলেন। এহুদ বারাক বলেন, শান্তিচুক্তি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত অস্থায়ী সীমানার ভিত্তিতে ফিলিস্তিনিকে রাষ্ট্র ঘোষণার প্রস্তাব দেবেন। এরপর আলোচনার মাধ্যমে দুই পক্ষ জেরুজালেমের নিয়ন্ত্রণ, ফিলিস্তিনি উদ্বাস্তুদের ভবিষ্যৎসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ের সমাধান করবে। তবে এ প্রস্তাবের ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। ইসরায়েলের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব দেওয়ার আভাস দেওয়া হলেও অন্তর্বর্তীকালীন রাষ্ট্রের ধারণা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এদিকে তিউনিসিয়া, মিসর ও লিবিয়াসহ আশপাশের দেশগুলোতে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার কোনো প্রভাব যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ও পররাষ্ট্রসংক্রান্ত স্বার্থ বিঘ্নিত করতে না পারে, সে জন্য ইসরায়েলের আরও মার্কিন সহায়তার প্রয়োজন হতে পারে বলে এহুদ বারাক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নিজ প্রতিরক্ষাব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আরও দুই হাজার কোটি মার্কিন ডলারের অতিরিক্ত সহায়তা চাইতে পারে। বারাক বলেছেন, এ অঞ্চলে যে বিপ্লব ছড়িয়ে পড়ছে, তাকে তাঁরা হুমকি মনে করছেন না। এর ফলে আরব সমাজ ‘আধুনিকতার পথে’ যাচ্ছে। তবে সে বিপ্লবের কোনো প্রভাব যাতে ইসরায়েলের ক্ষতি করতে না পারে, সে জন্য আগেভাগে তাদের প্রস্তুত থাকা দরকার। বারাক বলেছেন, এই বিপ্লবের আঁচ তাঁদের শত্রুদেশ ইরান ও সিরিয়ার ওপর এসে পড়তে পারে। তাঁর মতে, মিসরে হোসনি মোবারকের পদত্যাগের পর যে নতুন সরকার হচ্ছে, তারা জনগণের চাপে পড়ে ১৯৭৯ সালের মধ্যপ্রাচ্য চুক্তি থেকে সরে যেতে পারে। যদি তা-ই হয়, তাহলে মধ্যপ্রাচ্য সংকটে নতুন মাত্রা যুক্ত হবে। এহুদ বারাক বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে সরকার পরিবর্তিত হলে ওই সব নতুন সরকারের নীতি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে চলে যেতে পারে। সে অবস্থা সামাল দিতে ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা আরও সমৃদ্ধ করতে হবে। এ জন্য যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দুই হাজার কোটি ডলারের প্রতিরক্ষা-সহায়তা দেয়, তাহলে সেটা ইসরায়েলের নিরাপত্তাকে আরও নিশ্চিত করতে পারবে। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলেছেন, ইসরায়েল তার জাতীয় আয়ের ৯ শতাংশ হিসেবে প্রতিবছর প্রায় এক হাজার ৭০০ কোটি ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র এ খাতে ইসরায়েলকে ৩০০ কোটি ডলার সহায়তা দিয়ে থাকে। আঞ্চলিক অস্থিরতাকে ইরান কাজে লাগাচ্ছে কি না, সে প্রশ্নের জবাবে এহুদ বারাক বলেন, তা বিচার করার সময় এখনো আসেনি। তবে গত জানুয়ারিতে তিনি বলেছিলেন, আরব নেতারা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কে বেশি প্রভাবশালী তা নিয়ে বিতর্ক তোলা শুরু করেছেন। এদিকে গত সোমবার পশ্চিম তীরের নাবলুস শহরের কাছাকাছি কুসরা গ্রামে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা ও ইহুদি বাসিন্দারা। এতে আহত হয়েছে ১০ ফিলিস্তিনি। এপি ও এএফপি।