অ্যানথ্রাক্সের ঝুঁকিতে ৭৫ বিজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ গবেষণাগারে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে গিয়ে অ্যানথ্রাক্সের ঝুঁকির মুখে পড়েছেন ৭৫ জন বিজ্ঞানী৷ তাঁদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে৷ খবর বিবিসির৷
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক সংস্থা জানায়, আটলান্টার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল বা সিডিসির একটি গবেষণাগারে কাজ করেন ওই বিজ্ঞানীরা৷ সেখানকার নিরাপত্তাব্যবস্থা অনেক জোরাল৷ কিন্তু ভয়ংকর ব্যাকরেটিয়া নিয়ে কাজ করার সময় ঝুঁকি থেকে নিজেদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বিজ্ঞানীরা৷ কাজ করার পর তাঁরা ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করেননি৷
স্বাস্থ্য সংস্থা জানায়, গবেষণাগারটির কোনো বিজ্ঞানীর এখনো অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি৷ তাঁদের সতর্কতামূলক চিকিৎসা দেওয়া হচ্ছে৷
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে, ঘটনাটি তদন্তে তারা সিডিসিকে সহযোগিতা দিচ্ছে৷
অ্যানথ্রাক্সের লক্ষণগুলো হলো ত্বকের আলসার, বিতৃষ্ণাবোধ ও বমি বমি ভাব এবং জ্বর হওয়া৷ যথাসময়ে উপযুক্ত চিকিৎসা করা না হলে এতে মানুষের মৃত্যু হতে পারে৷
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার অল্প কিছুদিন পর অ্যানথ্রাক্স নিয়ে প্রথম সজাগ হয়ে ওঠে যুক্তরাষ্ট্র৷ তখন দেশটির বার্তা সংস্থাগুলোতে এবং সিনেটরদের কার্যালয়ে একটি চিঠি আসে৷ চিঠির সঙ্গে পাঠানো হয় অ্যানথ্রাক্সের জীবাণুমিশ্রিত পাউডার৷