অ্যান্টার্কটিকার ভাসমান বরফ গলে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহ টটেন গ্ল্যাসিয়ার। ফাইল ছবি। ছবি: এএফপি
পূর্ব অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহ টটেন গ্ল্যাসিয়ার। ফাইল ছবি। ছবি: এএফপি

অ্যান্টার্কটিকা মহাদেশের স্থায়ী হিমবাহকে ঘিরে আছে ভাসমান বরফের স্তর। ওই মহাদেশের টনকে টন বরফ ধরে রাখা হিমবাহের স্থায়ী ক্ষয় রোধে এসব ভাসমান বরফ রক্ষাকবচ হিসেবে কাজ করে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণামূলক তথ্যে দাবি করা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ১৮ শতাংশ পাতলা হয়ে গেছে এই বরফের স্তর।
আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার ওই গবেষণা প্রতিবেদনটি অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি স্যাটেলাইটভিত্তিক এ গবেষণাটি পরিচালনা করে। জলবায়ু পরিবর্তনে অ্যান্টার্কটিকার বরফে এর প্রভাব সম্পর্কে জানতে এ গবেষণায় ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ভাসমান বরফের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে।
গবেষণার ফলাফলে দাবি করা হয়, বর্তমানে ভাসমান বরফের স্তরের পুরুত্ব গড়ে ৪০০ থেকে ৫০০ মিটার। অ্যান্টার্কটিকা উপকূলজুড়ে কোনো জায়গায় এটি কয়েক শ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভাসমান বরফের স্তর গলে আরও পাতলা হলে স্থায়ী হিমবাহগুলো সহজেই সাগরে নেমে আসবে। সেখানে এগুলো গলে দ্রুত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করবে।
ওই গবেষণায় দেখা যায়, ১৯৯৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ওই বরফ স্তরের পরিবর্তনটা ছিল সামান্য। এর পর থেকে গলে যাওয়ার পরিমাণ বেশ খানিকটা বেড়ে যায়। গবেষণার শুরু হওয়ার সময় থেকে বর্তমান পর্যন্ত পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ গলতে থাকে। পূর্ব অ্যান্টার্কটিকার বরফের পরিমাণ কিছুটা বাড়লেও ২০০৩ সাল থেকে সেগুলো দ্রুত গলতে থাকে। এর মধ্যে ভাসমান ওই বরফ গলে প্রায় ১৮ শতাংশ পাতলা হয়েছে।
১৯৯৪ সালের সঙ্গে এখনকার পরিস্থিতির তুলনা করে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ফার্নান্ডো পাওলো বলেন, ‘১৮ বছরে বরফের স্তর ১৮ শতাংশ কমে যাওয়া নিশ্চয়ই একটি বড় ধরনের পরিবর্তন।’