অ্যান্টার্কটিকায় বিশাল বরফস্তরে শত মাইল দীর্ঘ ফাটল!

অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় একটি বরফের স্তরে সৃষ্টি হওয়া ফাটল গত এক মাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে। ওই সময়ের মধ্যে এই ফাটলের আকার ১১ মাইল বেড়েছে। পুরো ফাটলের দৈর্ঘ্য প্রায় ১০০ মাইল। ফাটল এভাবে বাড়তে থাকলে চলতি শীত মৌসুমের শেষের দিকেই বরফের স্তরটি ভেঙে পড়তে পারে।
চলতি সপ্তাহে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। আজ শনিবার ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞানীরা বলেছেন, একবার ভেঙে পড়লে বরফের স্তরটিতে পুনরায় ভাঙনের প্রবণতা বাড়িয়ে দেবে। বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন, এর দীর্ঘ মেয়াদি ফল হবে, সমুদ্রের উচ্চতা ১০ সেন্টিমিটার বা প্রায় চার ইঞ্চি পর্যন্ত বেড়ে যাবে।
অ্যান্টার্কটিকা যে দ্রুত উষ্ণ হচ্ছে, এটা তার সাম্প্রতিকতম নিদর্শন। ইতিমধ্যেই ওই এলাকায় বরফের আরও দুটি স্তর ভেঙে পড়েছে। এসব ঘটনার জন্য জলবায়ুর পরিবর্তনকে ব্যাপকভাবে দায়ী করা হচ্ছে।
বরফের স্তরের ওই ফাটলটি ‘লারসেন সি’ নামে পরিচিত। এই ফাটলের মাত্রা ক্রমেই বাড়ছে। গত ডিসেম্বরের শুরু থেকে গত এক মাসে ফাটলটি ১১ মাইল পর্যন্ত বেড়েছে। ডিসেম্বরের আগ পর্যন্ত ২০১৬ সালে ফাটলটি ১৩ মাইল পর্যন্ত বাড়ে। ২০১১ সাল থেকে এ পর্যন্ত ফাটলটি বেড়েছে প্রায় ৫০ মাইল। আর বর্তমানে পুরো ফাটলের দৈর্ঘ্য প্রায় ১০০ মাইল।
ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত এমআইডিএএস কর্মসূচির গবেষকেরা বলছেন, বরফের স্তরটি ভেঙে পড়লে অ্যান্টার্কটিকা প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের বরফ হারাবে।