অ্যান্টার্কটিকায় বৃহত্তম সামুদ্রিক সম্পদ এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্টার্কটিকার রস সাগর হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক সম্পদের সংরক্ষিত এলাকা। এ ব্যাপারে রাশিয়া তার দীর্ঘ সময়ের বিরোধিতা প্রত্যাহার করে নেওয়ার পর আজ শুক্রবার অ্যান্টার্কটিকায় বিশ্বের বৃহত্তম সামুদ্রিক সম্পদের এলাকা তৈরির উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ’ একটি চুক্তি স্বাক্ষর হয়।

বছরের পর বছর ধরে এ সংরক্ষিত এলাকা তৈরির বিষয়ে সমঝোতার চেষ্টা চলছিল। আজ অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ রাজ্যের রাজধানী হোবার্টে অ্যান্টার্কটিকায় সামুদ্রিক প্রাণিসম্পদ সংরক্ষণে ২৫টি দেশকে নিয়ে গঠিত গোষ্ঠী দ্য কনজারভেশন অব অ্যান্টার্কটিক মেরিন লিভিং রিসোর্সের (সিসিএএমএলআর) বার্ষিক সভায় এ চুক্তি স্বাক্ষর হয়। রস সাগরে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড মেরিন-সমর্থিত এই সংরক্ষিত এলাকাটি প্রতিষ্ঠা করা হয়। এখন এটি আরও বড় আকারে আসবে।

১ দশমিক ৫৫ মিলিয়ন বর্গকিলোমিটারের (৬ লাখ বর্গমাইল) বেশি জুড়ে এই এলাকা গড়ে উঠবে। আয়তনের দিক দিয়ে তা হবে ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স—এই তিনটি দেশের মোট আয়তনের সমান। এই এলাকার ১ দশমিক ১২ মিলিয়ন বর্গকিলোমিটারে মাছ ধরা যাবে না (নো ফিশিং জোন)।

এ ব্যাপারে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মুরে ম্যাককালি বলেছেন, সিসিএএমএলআরের ২৫ সদস্য দেশের অকুণ্ঠ সমর্থন পাওয়ার লক্ষ্যে মূল প্রস্তাবে কিছু পরিবর্তন আনা হয়েছে। চুক্তিতে সমুদ্রসংক্রান্ত সুরক্ষা, মাছ ধরার টেকসই দিক ও বিজ্ঞান-স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারসাম্য রাখা হয়েছে।

সদস্য দেশগুলোর মধ্যে সর্বশেষ রাশিয়া এই চুক্তির বিরোধিতা করে আসছিল। গত বছর চীন এতে সমর্থন দেওয়ার পর রাশিয়া মাছ ধরার অধিকারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ চুক্তির বিরোধিতা করে।
এলাকাটিতে পেঙ্গুইন, সিল, অ্যান্টার্কটিক টুথফিশ, তিমি ও প্রচুর সংখ্যক ক্রিল রয়েছে। সামুদ্রিক বিভিন্ন প্রজাতির প্রাণির প্রধান খাবারের উৎস সেখানে।