অ্যাবোটাবাদে লাদেনের অবস্থান জানতেন মোশাররফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার ইজাজ শাহ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে আশ্রয় দিয়েছিলেন—এমন অভিযোগ করলেন সে দেশেরই গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান জেনারেল জিয়াউদ্দিন বাট।সিডনি মর্নিং হেরাল্ড-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বাটের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, পাকিস্তানের অন্যান্য সংস্থা ও যুক্তরাষ্ট্র সরকার যখন হন্যে হয়ে বিশ্বের শীর্ষ সন্ত্রাসীকে খুঁজছিল, তখন ইজাজ শাহই লাদেনকে বছরের পর বছর ধরে পাকিস্তানে আশ্রয় দিচ্ছিলেন। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষমতাবান ব্যক্তি ছিলেন ইজাজ। তিনি ছিলেন গোয়েন্দা ব্যুরোর প্রধান।বাটের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, পারভেজ মোশাররফকে অবহিত করেই লাদেনকে অ্যাবোটাবাদে রেখেছিলেন ইজাজ শাহ।’ বাট বলেন, ইজাজের নির্দেশেই অ্যাবোটাবাদের বাড়িটি তৈরি করা হয়েছিল।তবে ইজাজ শাহ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। পিটিআই।