অ্যাবোটাবাদে লাদেনের সেই বাড়িটি ভেঙে ফেলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। গত শনিবার সন্ধ্যার পর নিরাপত্তা বাহিনী বাড়িটি ভাঙার কাজ শুরু করে। ২০১১ সালের মে মাসে ওই বাড়িতে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পর বাড়িটি ভাঙার জন্য বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি আনা হয়। সেনারা বাড়িটির আশপাশে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেন। সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করা হয়। ওই বাড়িসংলগ্ন এলাকায় অঘোষিত কারফিউ জারি করা হয়। স্থানীয় বাসিন্দাদের তাঁদের বাড়ি থেকে বের হওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা রাতভর ভাংচুরের শব্দ পেয়েছেন। কেউ কেউ তাঁদের বাড়ির ছাদ থেকে ভাংচুরের দৃশ্য দেখেছেন। এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী রাতভর ভাঙার কাজ করেছে। মার্কিন বাহিনীর অভিযানের পর থেকে বাড়িটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। লাদেনকে হত্যার পর তাঁর মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়, যাতে তাঁর কবর মাজারে পরিণত না হয়। কিন্তু তাঁর ওই বাড়ি মানুষের আকর্ষণের বস্তু হয়ে দাঁড়ায়। লাদেন নিহত হওয়ার পর থেকে প্রতিদিন বাড়িটি দেখতে কয়েক শ দর্শনার্থীর আগমন ঘটে। নিরাপত্তা বাহিনী যদি এটি না ভাঙে, তাহলে লাদেনের আত্মগোপনের শেষ এ স্থানটি মাজার অথবা পর্যটন স্থানে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের। তবে এটি ভাঙার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।কর্মকর্তারা জানান, লাদেন নিহত হওয়ার পর পরই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সরকার মার্কিন বাহিনীর ওই অভিযানের তদন্তে বিচারবিভাগীয় কমিশন প্রতিষ্ঠা করলে সিদ্ধান্তটির বাস্তবায়ন স্থগিত করা হয়।এক কর্মকর্তা জানান, কমিশন যখন তাঁর কাজ প্রায় শেষ করে ফেলেছে এবং পুনর্তদন্তের জন্য ওই বাড়িটির আর দরকার নেই, ঠিক তখনই এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ভাঙার কারণ সম্পর্কে তিনি বলেন, স্থানটি দর্শনার্থীদের আকর্ষণ করছে, যা অ্যাবোটাবাদ শহরের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।স্থানীয় বাসিন্দারা বলেন, আশপাশে কোনো বিদ্যালয় নেই। ওই স্থানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা উচিত। তবে নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, সেখানে শাকসবজির চাষ করাই উত্তম। তবে ভবিষ্যতে স্থানটি কী কাজে ব্যবহার করা হবে, তা সরকারই সিদ্ধান্ত নেবে।সেনাশহর অ্যাবোটাবাদ পাকিস্তানের নিরাপদ এলাকাগুলোর একটি। গত বছরের ২ মে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী ওই বাড়িতে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। বিবিসি, এএফপি।