অ্যামনেস্টির সর্বোচ্চ সম্মাননা পেল মালালা

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মাননা পেয়েছে পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের আলোচিত কর্মী মালালা ইউসুফজাই। সংগঠনটি গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়ে বিশ্বব্যাপী পরিচিতি পায় মালালা। তালেবান তাকে নারী শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল।
মালালাকে অ্যামনেস্টি এর সর্বোচ্চ সম্মাননা অ্যাম্বাসেডর অব কনসায়েন্স অ্যাওয়ার্ড (বিবেকের দূত) পুরস্কারে ভূষিত করেছে। যাঁরা ‘নিজেদের জীবন দিয়ে ও উদাহরণ সৃষ্টির মাধ্যমে’ মানবাধিকার সমুন্নত রাখায় অবদান রাখেন তাঁদের এই সম্মাননা দেওয়া হয়ে থাকে। ২০১৩ সালের জন্য এই সম্মাননা মালালা যুক্তরাষ্ট্রের গায়ক ও মানবাধিকারকর্মী হ্যারি বেলাফন্টের সঙ্গে ভাগাভাগি করে নেবে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা দেওয়া হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বলেন, হ্যারি ও মালালা সার্বজনীন অধিকার, ন্যায়বিচার ও মানুষের মর্যাদার পক্ষে কথা বলেছেন এবং অন্যকে তাঁদের উদাহরণ অনুসরণে উদ্বুদ্ধ করেছেন।
উচ্ছ্বসিত মালালা প্রতিক্রিয়ায় বলেছে, এই সম্মাননা তাকে ‘সত্যিকারভাবেই সম্মানিত’ করেছে।
মালালা বলে, ‘আমি আশা করি, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা একদিন বিশ্বের প্রতিটি কোনায় প্রতিটি শিশুর জন্য শিক্ষার স্বপ্নটি বাস্তবায়ন করতে পারব।’ এএফপি।