অ্যারিজোনায় অভিবাসন আইনের বিতর্কিত ধারাগুলো স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রণীত কঠোর অভিবাসন আইনের বিতর্কিত অংশগুলো স্থগিত করেছেন আদালত। এর ফলে ওই অঙ্গরাজ্যে আপাতত অভিবাসীদের সার্বক্ষণিকভাবে অভিবাসনপত্র সঙ্গে রাখতে হবে না। পরোয়ানা ছাড়া পুলিশ কোনো অভিবাসীকে গ্রেপ্তারও করতে পারবে না। অ্যারিজোনা সরকারের প্রণীত অভিবাসন আইন কার্যকর হওয়ার একদিন আগে গত বুধবার ফেডারেল আদালত এই স্থগিতাদেশ দেন। অ্যারিজোনার জেলা জজ সুজান বোল্টন এক আদেশে বলেন, ওই আইনের স্থগিত করা অংশগুলোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, পূর্ণ শুনানি এবং সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অ্যারিজোনার অভিবাসী আইনের বিতর্কিত ধারাগুলোর কার্যকারিতা স্থগিত থাকবে।অ্যারিজোনার গভর্নর জ্যান ব্রিউয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আদালতের নির্দেশের ব্যাপারে তাঁরা আপিল করবেন। আদালতের এই নির্দেশনাকে একটি সাময়িক প্রতিবন্ধকতা বলে তিনি উল্লেখ করেন। অভিবাসী সংগঠন মেক্সিকান আমেরিকান লিগ্যাল ডিফেন্সের প্রেসিডেন্ট টমাস মেইনজ বলেন, আদালতের এই রায় অন্যান্য অঙ্গরাজ্যের জন্যও সতর্ক সংকেত। মার্কিন বিচার বিভাগের মুখপাত্র পিটার স্যুখ বলেন, ওই আইন হলে অঙ্গরাজ্য ও স্থানীয় পুলিশের তৎপরতার কারণে কেন্দ্রীয় অভিবাসন আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক কেভিন জনসন বলেন, অভিবাসনসংক্রান্ত আদালতের এ নির্দেশনায় বিস্ময়ের কিছু নেই। যুক্তরাষ্ট্রের সংবিধান মতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।অবৈধ অভিবাসন ঠেকাতে গত এপ্রিলে অ্যারিজোনা সরকার কঠোর আইন করে। এ আইনের ফলে অভিবাসীদের সব সময় অভিবাসনপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি যেকোনো সন্দেহভাজন অভিবাসীকে গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দেওয়া হয়। এই আইনের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিবাদ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যারিজোনার অভিবাসী আইনের সমালোচনা করেন। এই আইন সংবিধান এবং যুক্তরাষ্ট্রের মূল চেতনাবিরোধী উল্লেখ করে ওবামা প্রশাসনের পক্ষ থেকে আদালতে চ্যালেঞ্জ করা হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এই আইনের কার্যকারিতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেন। এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অভিবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আদেশে অভিবাসন আইনের বিষয়ে অঙ্গরাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে—এ বিষয়টি উঠে এসেছে। ফলে অ্যারিজোনাকে অনুসরণ করে অন্যান্য অঙ্গরাজ্যের এমন বিতর্কিত অভিবাসন আইন প্রণয়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। বিশ্লেষকেরা বলছেন, এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন দ্রুত সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার তথা ওবামা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হবে।