অ্যারিয়েল শ্যারনের অবস্থার 'মারাত্মক অবনতি'

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তিনি প্রায় আট বছর ধরে একটি হাসপাতালে কোমায় থাকা অবস্থায় চিকিৎসাধীন।
হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক জেনারেল শ্যারনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়েছে। তাঁর গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ কাজ করছে না বলে জানানো হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম আগে বলেছিল, তিনি মূত্রাশয়ের জটিলতায় ভুগছেন।
শ্যারনের পরিবারের সদস্যরা তাঁর শয্যাপাশে রয়েছেন। তাঁর ছেলেদের একজন ওমরি জেরুজালেম পোস্টকে বলেন, ‘আমাদের এখনো আশা আছে। আমরা সবসময়ই আশাবাদী।’
২০০১ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ডানপন্থী শ্যারন। ২০০৫ সালের ডিসেম্বরে তিনি মৃদু মাত্রার স্ট্রোকে আক্রান্ত হন। দ্বিতীয়বার বড় ধরনের স্ট্রোকের পর ২০০৬ সালে শ্যারন কোমায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি সে রকমই অচেতন অবস্থায় রয়েছেন।
হাসপাতালের কর্মকর্তা জিভ রটস্টাইন বলেন, ‘তাঁর অবস্থা খারাপের দিকে এবং এ অবনতি গুরুতর বলেই সবাই একমত।’
এটাই শ্যারনের শারীরিক অবস্থার ব্যাপারে প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।
মধ্যপ্রাচ্যে তিনটি যুদ্ধে অংশ নেওয়া শ্যারনকে মহান সামরিক নেতা হিসেবে দেখে থাকে অনেক ইসরায়েলি। তবে ফিলিস্তিনিদের কাছে তিনি তিরস্কৃত এক ব্যক্তি। ১৯৮২ সালে দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে শ্যারনই লেবাননে আক্রমণের মূল হোতা ছিলেন। ওই অভিযানকালে লেবাননি মিলিশিয়ারা রাজধানী বৈরুতে দুটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে গণহত্যায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করে। ইসরায়েলি তদন্ত কমিটি রায় দেয়, ফিলিস্তিনি উদ্বাস্তুদের হত্যার ওই ঘটনায় শ্যারন ব্যক্তিগতভাবে দায়ী।
লেবানন অভিযানের ১৮ বছর পর ২০০১ সালে ‘নিরাপত্তা ও প্রকৃত শান্তি’ অর্জনের প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শ্যারন। দ্বিতীয় স্ট্রোকের আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। বিবিসি।