অ্যাসাঞ্জ কেন অসুস্থ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জের বর্তমান অবস্থা (বামে) এবং দুই বছর আগের অবস্থা (ডানে)।
জুলিয়ান অ্যাসাঞ্জের বর্তমান অবস্থা (বামে) এবং দুই বছর আগের অবস্থা (ডানে)।

লন্ডনে দুই বছরের বেশি সময় ধরে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়া জুলিয়ান অ্যাসাঞ্জ আসলে কেমন আছেন?
‘শিগগিরই’ লন্ডনের ইকুয়েডর দূতাবাস ছাড়ার কথা জানিয়েছেন অ্যাসাঞ্জ। এর কারণ হিসেবে তিনি গতকাল যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে সংবাদ সম্মেলনে জানান, তিনি ফুসফুসের সমস্যা ও হূদরোগে আক্রান্ত।
মার্কিন গোপন নথি ফাঁসকারী প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ কেন ও কীভাবে এমন অসুস্থ হয়ে পড়তে পারেন, এ নিয়ে আজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
বিবিসির ‘ওয়ান শো’ অনুষ্ঠানের চিকিত্সক সারাহ জার্ভিস বলেন, দীর্ঘ দিন ঘরের ভেতরে থাকতে থাকতে শরীরে ভিটামিন-ডির ঘাটতি দেখা দেয়। কারণ, মানুষের শরীরের ৮৫-৯০ শতাংশ ভিটামিন-ডি আসে সূর্যের আলো থেকে। ভিটামিন-ডির ঘাটতির কারণে বিষণ্নতা, নানা ধরনের ব্যথা ও হূদরোগ হতে পারে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিমন গ্রিফিন জানান, ভিটামিন-ডি ট্যাবলেট খেয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। দীর্ঘ দিন সূর্যের আলো থেকে বঞ্চিত থাকলে চামড়ার ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। অ্যাসাঞ্জকে সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন-ডির ঘাটতি পূরণে আপাতত ‘সেদ্ধ গলদা চিংড়ি’ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সিমন গ্রিফিন জানান, সূর্যের আলো মানুষকে প্রাণোচ্ছল রাখে। অ্যাসাঞ্জ সমর্থকদের উদ্দেশে কথা বলার জন্য বিশেষ উপলক্ষে দূতাবাসের বারান্দায় আসেন। নিয়মিতভাবে সূর্যের আলো গায়ে লাগালে তিনি মানসিকভাবে প্রফুল্ল থাকতে পারবেন।

অ্যাসাঞ্জের মানসিক অবস্থা সম্পর্কে ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী লিনডা ব্লেয়ার বলেন, তাঁর মানসিক অবস্থা সম্পর্কে কিছু অনুমান করাটা অসম্ভব। তবে একটা বিষয় বলা যায়, স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করা হলে ব্যক্তি খুব আগ্রাসী হয়ে ওঠে।

মার্কিন কূটনৈতিক তারবার্তা ফাঁস করার মাধ্যমে ২০১০ সালের শেষের দিকে বিশ্বব্যাপী আলোচনায় আসেন অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ। তাঁর বিরুদ্ধে এক অস্ট্রেলীয় নাগরিককে সুইডেনে যৌন হয়রানি করা ও ধর্ষণের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করে আসছেন। যুক্তরাজ্যের পুলিশ তাঁকে ২০১১ সালের শুরুর দিকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

অ্যাসাঞ্জের আশঙ্কা, যুক্তরাজ্য তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে প্রত্যর্পণ করলে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনাগুলোর একটির নায়ক অ্যাসাঞ্জকে তখন মার্কিন বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।