অ্যাসাঞ্জ-স্নোডেন এককাট্টা
নিউজিল্যান্ডে জনগণের ওপর গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করেছেন ইন্টারনেট মোগল হিসেবে পরিচিত কিম ডটকম। এ কাজে তিনি পাশে পেয়েছেন মার্কিন সরকারের গোপন তথ্য ফাঁস করে হইচই ফেলে দেওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও মার্কিন গোয়েন্দাদের নজরদারির তথ্য ফাঁস করা এডওয়ার্ড স্নোডেনকে। খবর এএফপির।
কিম ডটকম নিউজিল্যান্ডের অকল্যান্ড টাউন হলে গতকাল সোমবার ‘দ্য মোমেন্ট অব ট্রুথ’ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে একপর্যায়ে কৃত্রিম উপগ্রহের লিঙ্কের মাধ্যমে অ্যাসাঞ্জ ও স্নোডেনকে যুক্ত করেন। নিউজিল্যান্ডের সরকারের কট্টর সমালোচক ডটকম কয়েক সপ্তাহ আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছিলেন যে নির্বাচনের আগে আগে সরকারে অপকর্ম বিষয়ে ‘বোমা’ ফাটাবেন। নিউজিল্যান্ডে আগামী শনিবার সাধারণ নির্বাচন। অনলাইন পাইরেসির অভিযোগে ডটকমকে নিউজিল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের চেষ্টা চলছে।
অনুষ্ঠানে স্নোডেন বলেন, এনএসএর বিশ্লেষক হিসেবে কাজ করার সময় নিয়মিতই নিউজিল্যান্ডের নাগরিকদের সঙ্গে তাঁর যোগাযোগ হতো। নিউজিল্যান্ডে একটি সেন্সর নেটওয়ার্কিং আছে, যেটি ই-মেইলে ঢোকার অনুমতি দেয়।
অ্যাসাঞ্জ বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইভ আইস গোয়েন্দা নেটওয়ার্কিংয়ে নিউজিল্যান্ডও সহায়ক ভূমিকা রাখছে।