অ্যাসাঞ্জকে আশ্রয়ের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি: ইকুয়েডর
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ইকুয়েডর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া।ইকুয়েডরের প্রেসিডেন্ট কোরেয়া গত মঙ্গলবার টুইটারে লেখেন, ‘অ্যাসাঞ্জকে নিয়ে সৃষ্ট গুজব মিথ্যা। তাঁকে আশ্রয় দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।’সুইডেনে পাঠিয়ে দেওয়া হতে পারে এমন আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ (৪১) গত ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। যৌন হয়রানির অভিযোগে সুইডেনে তাঁর বিরুদ্ধে মামলা চলছে।অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়ের আবেদন অনুমোদনে প্রস্তুত ইকুয়েডর—মঙ্গলবার কুইটোর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান-এর ওয়েবসাইটে এমন খবর প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট কোরেয়া ওই বিবৃতি দেন। এএফপি।