অ্যাসাঞ্জকে কনস্যুলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। তাঁকে কনস্যুলার সহায়তা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জকে ‘বলপূর্বক আটক’ রাখা হয়েছে বলে জাতিসংঘের একটি প্যানেল মত দেওয়ার পর গতকাল শনিবার এ খবর এল। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী হইচই ফেলা অ্যাসাঞ্জ প্রায় চার বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে লুকিয়ে আছেন। বাইরে বের হলেই তাঁকে গ্রেপ্তার করতে পারে ব্রিটিশ পুলিশ। তারা অ্যাসাঞ্জকে একটি ধর্ষণের অভিযোগে বিচারের জন্য সুইডেনে প্রত্যর্পণ করতে পারে। সেটা এড়াতেই ২০১২ সালের জুনে ওই দূতাবাসে আশ্রয় নেন তিনি। তাঁর দাবি, সুইডেনের ওই অভিযোগ মিথ্যা। আর সুইডেনে পাঠানো হলে দেশটি তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। কারণ, গোপন নথি ফাঁস করায় তাঁর ওপর ক্ষিপ্ত ওয়াশিংটন।
বিনা বিচারে আটক-বিষয়ক জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপ গত শুক্রবার দেওয়া এক রুলিংয়ে অ্যাসাঞ্জকে আটকের মুখোমুখি হওয়া ছাড়াই ওই দূতাবাস ছাড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানায়। এর আগেই তাঁর সঙ্গে দেখা করেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী। গতকাল দেওয়া এক বিবৃতিতে জুলি বিশপ বলেন, ‘আমি জাতিসংঘের ওই প্রতিবেদন প্রকাশের আগেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী দলের সঙ্গে দেখা করেছি। আমি এখন প্রতিবেদনটি পড়েছি। অস্ট্রেলীয় নাগরিক হিসেবে অ্যাসাঞ্জের ওপরে এর প্রভাবের বিষয়ে আমি আইনগত পরামর্শ পাওয়ার চেষ্টা করছি। আমি তাঁর আইনজীবীদের নিশ্চিত করেছি, তিনি প্রয়োজন বোধ করলে আমাদের কনস্যুলার সহায়তা পাবেন।’
হ্যামন্ডের সমালোচনায় অ্যাসাঞ্জ: দ্য গার্ডিয়ান-এর খবরে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড জাতিসংঘকে অবমাননা করেছেন বলে অভিযোগ করেছেন অ্যাসাঞ্জ।
জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশের পর হ্যামন্ড বলেছিলেন, তাঁদের এই অনুসন্ধান ‘হাস্যকর’। এ ছাড়া অ্যাসাঞ্জকে ‘বিচারের ফেরারি’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
যুক্তরাজ্য ও সুইডেন এরই মধ্যে বলে দিয়েছে, জাতিসংঘের প্যানেল যা-ই বলুক, তাতে তাদের যায়-আসে না। লন্ডন মেট্রোপলিটন পুলিশও বলেছে, দূতাবাস থেকে বের হলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করবে তারা।